সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়াল পশ্চিমবঙ্গ সরকার
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।
আজ সোমবার (১১ মে) প্রথম বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, ২০১৫ সালের পর রাজ্যে সরকারি চাকরিতে কোনও নিয়োগ হয়নি। তাই প্রচুর শিক্ষিত যুবক-যুবতীর বয়স চলে গেছে। সে কথা মাথায় রেখে সরকারি চাকরিতে আবেদনের বয়ঃসীমা পাঁচ বছর বৃদ্ধি করা হলো।
এছাড়া ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসানোর ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ লক্ষ্যে ৪৫ দিনের মধ্যে বিএসএফকে প্রয়োজনীয় জমি তুলে দেবে পশ্চিমবঙ্গ সরকার।
বৈঠকে আরও বেশ কয়েকটি সিদ্ধান্ত এসেছে। ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পে পশ্চিমবঙ্গ যুক্ত হয়েছে। চালু থাকা কোনও সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএসে যুক্ত হয়েছে পশ্চিমবঙ্গ।
আনন্দবাজারের প্রতিবেদনে আরও বলা হয়, আগামী সোমবার মন্ত্রিসভার পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে।

এনটিভি অনলাইন ডেস্ক