তেলাপোকা জনতা পার্টির ওয়েবসাইট বন্ধ করে দিল মোদি সরকার
ভারতের নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার সমালোচনাধর্মী ও ব্যঙ্গাত্মক অনলাইন রাজনৈতিক আন্দোলন ‘তেলাপোকা জনতা পার্টির (সিজেপি)’ ওয়েবসাইট বন্ধ দিয়েছে বলে অভিযোগ উঠেছে। তেলাপোকা জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক আজ শনিবার (২৩ মে) এ অভিযোগ করেছেন।
বর্তমানে বস্টন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অভিজিৎ দীপক সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে বলেন, সরকার ‘আইকনিক’ ওয়েবসাইটটি বন্ধ করে দিয়েছে।
চলতি মাসের শুরুতে ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্তের করা বিতর্কিত মন্তব্যের জবাবে দীপক এক সপ্তাহ আগে ওয়েবসাইট এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো চালু করেন। প্রধান বিচারপতি বেকার তরুণদের তেলাপোকার সঙ্গে তুলনা করেছিলেন।
পরবর্তীতে প্রধান বিচারপতি সূর্যকান্ত তার মন্তব্য স্পষ্ট করে বলেন, তার মন্তব্য ছিল জাল ডিগ্রি অর্জনকারীদের উদ্দেশে। তিনি দেশের যুবকদের ‘উন্নত ভারতের স্তম্ভ’ হিসেবে বর্ণনা করেছেন।
অভিজিৎ দীপক বলেন, তার ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাশাপাশি তেলাপোকা জনতা পার্টির (সিজেপি) ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও হ্যাক করা হয়েছে। এক সপ্তাহ আগে চালু হওয়ার পর থেকে সিজেপির ইনস্টাগ্রাম পেজটিতে অনুসারীর সংখ্যা দাঁড়ায় ২ কোটি ২০ লাখের বেশি। বিপরীতে নরেন্দ্র মোদির বিজেপির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলোয়ার রয়েছে প্রায় ৯০ লাখ।
তেলাপোকা জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক জানান, গত সপ্তাহে ১০ লাখ মানুষ এই আন্দোলনে যোগদানের জন্য সাইন আপ করেছিলেন। সিজেপি ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে প্রচার চালাচ্ছে। দীপক জানান, এই আন্দোলনের পিটিশনে (আবেদন) ছয় লাখ মানুষ স্বাক্ষর করেছেন।
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠায় সরকারি মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিল করতে বাধ্য হওয়ার পর থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ভারতজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে।
চলতি সপ্তাহের শুরুতে অভিজিৎ দীপক আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তার আন্দোলনের পেছনের চিন্তাভাবনা ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, ক্ষমতাসীনেরা নাগরিকদের তেলাপোকা ও পরজীবী মনে করে। তাদের জানা উচিত, তেলাপোকা পচা জায়গায় বংশবৃদ্ধি করে। আজকের ভারত ঠিক এমনই।

এনটিভি অনলাইন ডেস্ক