‘নতুন পথের’ প্রতিশ্রুতি দিয়ে স্টারমারকে হটাতে প্রস্তুত বার্নহাম
যুক্তরাজ্যের লেবার পার্টির অভিজ্ঞ রাজনীতিবিদ অ্যান্ডি বার্নহাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপ-নির্বাচনে বড় জয় পেয়েছেন। এর মাধ্যমে তিনি পার্লামেন্টে নিজের আসন নিশ্চিত করার পাশাপাশি সংকটে থাকা প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে ক্ষমতাচ্যুত করার সম্ভাব্য লড়াইয়ের পথও পরিষ্কার করেছেন। খবর বার্তা সংস্থা এএফপির।
সাবেক মন্ত্রী অ্যান্ডি বার্নহাম ২০১৭ সাল থেকে গ্রেটার ম্যানচেস্টারের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। শুক্রবার (১৯ জুন) তিনি উত্তর-পশ্চিম ইংল্যান্ডের মেকারফিল্ড নির্বাচনি এলাকায় উগ্র-ডানপন্থী রিফর্ম ইউকে দলের প্রার্থীকে অনায়াসে হারিয়ে পার্লামেন্টে নিজের প্রত্যাবর্তন নিশ্চিত করেছেন।
মধ্য-বামপন্থী লেবার পার্টির ৫৬ বছর বয়সী নেতা বার্নহাম দীর্ঘদিনের পরিচিত মুখ স্টারমারের স্থলাভিষিক্ত হয়ে দলের নেতা ও প্রধানমন্ত্রী হতে চান। এলক্ষ্যে নেতৃত্ব প্রতিযোগিতার ডাক দেওয়ার মতো অবস্থানে পৌঁছাতে তাঁর জন্য এই ঝুঁকিপূর্ণ ভোটে জয় পাওয়া খুবই প্রয়োজন ছিল।
শুক্রবার উল্লাসিত জনতার উদ্দেশ্যে বার্নহাম বলেন, ‘আমরা গত ৪০ বছর ধরে এমন একটি পথে চলেছি যা বিশ্বের এই অঞ্চলের মানুষ এবং জায়গাগুলোর জন্য মোটেও কার্যকর প্রমাণিত হয়নি।’
অ্যান্ডি বার্নহাম আরও বলেন, ‘এটি পরিবর্তনের মুহূর্ত, আমাদের কাছে জোয়ার ঘোরানোর একটি সুযোগ এসেছে। আমরা ব্রিটেনের জন্য একটি নতুন পথ তৈরি করতে যাচ্ছি।’
স্যার কিয়ার স্টারমার যদি এই বছরই ক্ষমতা ছাড়েন, তবে ব্রিটেন ১০ বছরের মধ্যে সপ্তম প্রধানমন্ত্রী পাবে।
উপনির্বাচনে প্রায় ৫৫ শতাংশ ভোট পেয়ে রিফর্ম ইউকে-র রবার্ট কেনিয়নকে ৯ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে হারিয়ে নিজের বিজয় বক্তৃতায় বার্নহাম বলেন, ‘আমি আমার নিজের দলকে বলতে চাই, এটি পরিবর্তনের শেষ সুযোগ।’
এদিকে, প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ বার্নহামকে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি আজ সকালে লন্ডনে এক বক্তব্যে তিনি আবারও তার নেতৃত্বের প্রতি যেকোনো চ্যালেঞ্জের বিরুদ্ধে লড়াই করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
স্টারমার সাংবাদিকদের বলেন, ‘যদি কোনো প্রতিযোগিতা হয়, তবে আমি প্রতিদ্বন্দ্বিতা করব, আমি দাঁড়াব। আমি বারবার বলেছি, আমি এটি থেকে সরে যাব না।’
৬৩ বছর বয়সী এই সাবেক আইনজীবী নিজের দলের ডজন খানেক এমপির পদত্যাগের আহ্বান এবং বেশ কয়েকজন মন্ত্রীর পদত্যাগ সত্ত্বেও বারবার পদ ছাড়তে অস্বীকৃতি জানিয়েছেন। প্রধানমন্ত্রী স্টারমার জোর দিয়ে বলেছেন যে, ২০২৪ সালের জুলাইয়ে কনজারভেটিভদের বিরুদ্ধে তার দলের ভূমিধস নির্বাচনি জয় তাকে পাঁচ বছর শাসন করার ম্যান্ডেট দিয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক