ট্রাম্পের ভুল : ইরানের পরিবর্তে বললেন জাপানের নাম!
ন্যাটো সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরীতে ক্ষেপণাস্ত্র হামলার বর্ণনা দিতে গিয়ে ভুলে ইরানের পরিবর্তে জাপানের নাম বলে ফেলেছেন। খবর এনডিটিভির।
ডোনাল্ড ট্রাম্প বলেন, ইসলামিক প্রজাতন্ত্র জাপান আমাদের ওপর ১১১টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তারা এক ঘণ্টারও বেশি সময় ধরে আমাদের বিমানবাহী রণতরীকে (ইউএসএস আব্রাহাম লিঙ্কন) লক্ষ্য করে হামলা চালায় এবং সেগুলোর প্রত্যেকটি ভূপাতিত করা হয়েছে।
ইরান প্রজাতন্ত্রকে জাপানের সঙ্গে গুলিয়ে ফেলে ট্রাম্পের দেওয়া বক্তব্যের ভিডিও ক্লিপ দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ অবসানের পর থেকে ওয়াশিংটনের অন্যতম ঘনিষ্ঠ মিত্র জাপান। কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সামরিক সংঘাতে জড়ায়নি দেশটি।
তবে এই ভুলের পাশাপাশি ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, উত্তেজনা বাড়তে থাকলে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ আরও জোরদার করতে পারে।
ট্রাম্প বলেন, ‘আমরা সর্বোচ্চ পর্যায়ে আক্রমণ করছি না। সর্বোচ্চ পর্যায় হলো সেতুগুলো, তাদের বিদ্যুৎকেন্দ্রগুলো, যেখানে তারা বিদ্যুৎ উৎপাদন করে। যদি প্রয়োজন হয়, আমরা তাদের ধ্বংস করে দেব। আমি তা করতে চাই না, কিন্তু যদি করতেই হয়, আমরা তাদের ধ্বংস করে দেব।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, গত রাতে আমরা খার্গ দ্বীপে হামলা চালিয়েছি—এর একটা অংশ দখল করেছি। আমি বলেছিলাম, তেলের কাছে যেও না, কারণ হয়তো আমরা খার্গ দ্বীপ দখল করে নেব। এ ব্যাপারে তাদের কিছুই করার নেই।
‘সাধারণত আমি এমন নই, কিন্তু ওরা সত্যিই এটির যোগ্য’, যোগ করেন ট্রাম্প।
প্রেসিডেন্ট ট্রাম্প আরও ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির আশা কার্যত ধূলিসাৎ হয়ে গেছে। তিনি বলেন, সংঘাত নিরসনের চুক্তিটি ‘শেষ’ হয়ে গেছে। ইরানের সঙ্গে আলোচনা করা কেবলই সময়ের অপচয়। আমাদের চমৎকার আলোচকরা চাইলে কথা চালিয়ে যেতে পারেন, কিন্তু আমি তেমনটা দেখছি না। এই লোকগুলোকে আমার পছন্দ নয়।

এনটিভি অনলাইন ডেস্ক