বন্যায় খামার থেকে পালাল ৯০০ সাপ, আতঙ্কে বাসিন্দারা
ভয়াবহ বন্যায় একটি সাপের খামার ভেসে যাওয়ার পর প্রায় ৮০০ থেকে ৯০০টি সাপ লোকালয়ে ছড়িয়ে পড়েছে। পালিয়ে যাওয়া সাপগুলোর মধ্যে বিষধর কোবরা, কিং র্যাট স্নেক এবং ওয়াটার স্নেক রয়েছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চীনের গুয়াংসি ঝুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে কয়েকজন সাপের কামড়ে আহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, টাইফুন মায়সাকের প্রভাবে টানা ভারি বৃষ্টিপাতের কারণে গুয়াংসি অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দেয়। এতে হেংঝৌ শহরের ইউনবিয়াও টাউনশিপের দেংওয়েই গ্রামের একটি সাপের খামার পানির তোড়ে ভেসে যায়।
দেংওয়েই গ্রামের কমিটির প্রধান উ ঝি স্থানীয় সংবাদমাধ্যম রেড স্টার নিউজকে জানান, ৬ জুলাই সকালে খামারটি বন্যার পানিতে ধ্বংস হয়ে যায়। প্রাথমিক হিসাবে ৮০০ থেকে ৯০০টি সাপ পালিয়ে গেছে। খবর টাইম অব ইন্ডিয়ার।
উ ঝি বলেন, এখন পর্যন্ত অন্তত একজন গ্রামবাসী সাপের কামড়ে আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করে জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে।
তবে তিনি জানান, পালিয়ে যাওয়া সব সাপ বিষধর নয়। খামারটিতে মূলত তিন ধরনের সাপ পালন করা হতো— কোবরা, কিং র্যাট স্নেক এবং ওয়াটার স্নেক।
স্থানীয় বাসিন্দা শেন জানান, ওই এলাকায় পাহাড়ি ও নিচু জমিতে অসংখ্য সাপের খামার রয়েছে। বন্যার কারণে নিচু এলাকার কয়েকটি খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি দাবি করেন, একাধিক মানুষ সাপের কামড়ে আহত হয়েছেন এবং অনেক গ্রামবাসী চিকিৎসাসেবার অভাবে দুর্ভোগে রয়েছেন।
বন্যায় লিউলান ও ইউনবিয়াও জলাধারে সমস্যা দেখা দেওয়ায় আশপাশের ছোট ছোট খামারগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।
তবে উঁচু স্থানে খামার থাকা আরেক খামার মালিক লে জানান, তার খামার নিরাপদ রয়েছে। তার মতে, পাহাড়ি অনেক সাপ দীর্ঘ সময় পানিতে থাকলে বেঁচে থাকার সম্ভাবনা কম।
এদিকে স্থানীয় প্রশাসন জানিয়েছে, উদ্ধারকর্মীরা আহতদের চিকিৎসা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। পাশাপাশি, বন্যায় ক্ষতিগ্রস্ত না হওয়া আশপাশের গ্রামের বাসিন্দারা স্বেচ্ছাসেবী ‘সাপ ধরার দল’ গঠন করেছেন। তারা বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়া সাপ ধরে স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছেন।
কর্তৃপক্ষ বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং প্রয়োজন ছাড়া বন্যাকবলিত এলাকায় চলাচল না করার পরামর্শ দিয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক