হরমুজ প্রণালিতে ইরানের ডজনখানেক ঘাঁটিতে মার্কিন হামলা
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সামরিক সংঘাত আরও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা স্থানীয় সময় মঙ্গলবার (১৪ জুলাই) দিনগত রাতে ইরানে আরও এক দফা বিমান ও নৌ হামলা চালানো হয়েছে। এই অভিযানে পারস্য উপসাগরের কৌশলগত জলপথ ‘হরমুজ প্রণালি’ এবং ইরানের উপকূলীয় এলাকার কাছাকাছি অবস্থিত ডজনখানেক সামরিক লক্ষ্যবস্তু গুঁড়িয়ে দেওয়া হয়েছে। খবর আলজাজিরার।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, এই অভিযানে মার্কিন যুদ্ধবিমান, ড্রোন ও নৌবাহিনীর যুদ্ধজাহাজ থেকে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি, নৌ সক্ষমতা এবং উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে নিখুঁতভাবে দূরপাল্লার গোলাবারুদ নিক্ষেপ করা হয়েছে।
মার্কিন সামরিক বাহিনীর দাবি, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ এবং বেসামরিক ক্রু বা নাবিকদের ওপর হুমকি সৃষ্টি করার যে সক্ষমতা ইরানের রয়েছে, তা আরও দুর্বল ও ধ্বংস করে দেওয়ার লক্ষ্যেই এই নতুন হামলা চালানো হয়েছে।
উল্লেখ্য, এই হামলার মাত্র কয়েক ঘণ্টা আগেই মার্কিন বাহিনী ইরানি বন্দর ও উপকূলীয় এলাকায় জাহাজ চলাচলের ওপর পুনরায় নৌ-অবরোধ কার্যকর করে।

এনটিভি অনলাইন ডেস্ক