ইরানি হামলায় নিহত দুই মার্কিন সেনার পরিচয় প্রকাশ পেন্টাগনের
ইরানি হামলায় নিহত দুই মার্কিন সেনার পরিচয় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন)। স্থানীয় সময় সোমবার (২০ জুলাই) পেন্টাগন জানিয়েছে, জর্ডানের আল-মুওয়াফফাক সালতি বিমান ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এই দুই সেনা প্রাণ হারান। খবর সিএনএনের।
নিহত সেনারা হলেন- টেক্সাসের ক্যারলটনের বাসিন্দা ১৯ বছর বয়সী ইসাবেলা গঞ্জালেস এবং হাওয়াইয়ের ইওয়া বিচের বাসিন্দা ২৫ বছর বয়সী ফার্স্ট লেফটেন্যান্ট টাইলার জেমস ফিহান।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গঞ্জালেস শুক্রবারের (১৭ জুলাই) হামলায় ঘটনাস্থলেই মারা যান। অন্যদিকে, ফার্স্ট লেফটেন্যান্ট ফিহান গুরুতর আহত হয়ে শনিবার (১৮ জুলাই) মারা যান।
এদিকে এই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তবে পেন্টাগন জানিয়েছে, দুই সেনাসদস্য ‘শত্রু পক্ষের হামলায়’ নিহত হয়েছেন। হামলায় আরও কয়েকজন মার্কিন সেনাসদস্য আহত হন। তাদের মধ্যে চারজনকে চিকিৎসার জন্য জর্ডানের একটি হাসপাতালে নেওয়া হলেও পরে তারা হাসপাতাল থেকে ছাড়া পান বলে জানায় সেন্টকম।
পেন্টাগন জানিয়েছে, হামলার ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে। গত মার্চের পর ইরানের হামলায় এটিই প্রথম মার্কিন প্রাণহানির ঘটনা।
এর আগে রোববার (২০ জুলাই) প্রতিরক্ষা দপ্তর জানায়, ভূপাতিত একটি ইরানি ড্রোন ধ্বংস করার সময় আরও এক মার্কিন সেনাসদস্য নিহত হন। এছাড়া নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত আরেক সেনাসদস্যের দেহাবশেষ জর্ডানে উদ্ধার করা হয়েছে।
মার্কিন প্রশাসনের এক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, নিহত চার সেনাসদস্যের মরদেহ আগামী বুধবার (২২ জুলাই) আনুষ্ঠানিক সামরিক মর্যাদায় দেশে ফিরিয়ে নেওয়া হবে। সর্বশেষ এই ঘটনায় প্রায় পাঁচ মাস ধরে চলমান সংঘাতে নিহত মার্কিন সেনাসদস্যের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জন। এর আগে গত ১ মার্চ কুয়েতের শুয়াইবা বন্দরে অস্থায়ী অপারেশন সেন্টারে ইরানের সরাসরি ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের ছয় সেনা সদস্য নিহত হন। কয়েক দিন পর সৌদি আরবে হামলায় আহত এক সেনা সার্জেন্টেরও মৃত্যু হয়।

এনটিভি অনলাইন ডেস্ক