শ্বাসরোধে ভারতীয় তরুণীকে হত্যার অভিযোগ
কানাডার অ্যালবার্টা প্রদেশের এডমন্টন শহরে দমনপ্রীত কৌর (২৩) নামের এক ভারতীয় তরুণীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় তার সঙ্গী রিতীশ কুমারকে (২২) গ্রেপ্তার করে হত্যার অভিযোগ এনেছে পুলিশ। খবর এনডিটিভির।
নিহত দমনপ্রীত কৌর ভারতের পাঞ্জাব রাজ্যের লুধিয়ানা জেলার সামরালা এলাকার বাসিন্দা।
এডমন্টন পুলিশ সার্ভিস (ইপিএস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ৯ জুলাই সন্ধ্যা পৌনে ৭টার দিকে সিলভারবেরি এলাকার একটি ঘর থেকে তরুণীর নিস্তেজ দেহ উদ্ধারের খবর পায় তারা। সংকটাপন্ন অবস্থায় দমনপ্রীতকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তিন দিন চিকিৎসাধীন থাকার পর ১২ জুলাই তার মৃত্যু হয়।
১৪ জুলাই সম্পন্ন হওয়া ময়নাতদন্ত প্রতিবেদন নিশ্চিত করে, তরুণীর মৃত্যুটি মূলত ‘হত্যাকাণ্ড’। তবে তদন্তের স্বার্থে মৃত্যুর মূল কারণ গোপন রেখেছিল পুলিশ। পরবর্তীতে গত ২৩ জুলাই তদন্তকারীরা জানান, দমনপ্রীতকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
পুলিশ নিশ্চিত করেছে, গত ২২ জুলাই অভিযুক্ত রিতীশ কুমারকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ এই ঘটনাকে ‘অন্তরঙ্গ সঙ্গীর মাধ্যমে সংঘটিত হত্যাকাণ্ড’ (ইন্টিমেট পার্টনার হোমিসাইড) বলে বর্ণনা করেছে। এই ঘটনায় অন্য কোনো সন্দেহভাজন জড়িত নেই বলে জানিয়েছে পুলিশ।
এদিকে নিহত তরুণীর মরদেহ স্বজনদের কাছে ভারতে ফিরিয়ে আনার জন্য অনলাইন প্ল্যাটফর্ম ‘গোফান্ডমিতে’ তহবিল সংগ্রহ অভিযান শুরু করা হয়েছে। আন্তর্জাতিক পরিবহণ খরচ, প্রয়োজনীয় আইনি নথিপত্র এবং শেষকৃত্যের ব্যয়ের জন্য পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রবাসী ভারতীয়রা। ২০ হাজার মার্কিন ডলার সংগৃহের টার্গেট নিয়ে ইতোমধ্যে প্রায় ১৯ হাজার ডলার সংগৃহীত হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক