কৃষ্ণসাগরে জাহাজে হামলায় নাবিক নিহতের ঘটনায় উদ্বেগ ভারতের
কৃষ্ণসাগরে পণ্যবাহী বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলায় আরও এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (২৪ জুলাই) রাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) এক বিবৃতিতে এই মৃত্যুর খবর নিশ্চিত করে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত ১৮ জুলাই কৃষ্ণসাগরে ‘রাশিয়ার জলসীমার ভেতর’ চলাচলের সময় ‘এমভি ওমোরফি’ নামের বাণিজ্যিক জাহাজ আক্রমণের শিকার হয়। জাহাজে মোট ১০ জন ক্রু ছিলেন, যাদের মধ্যে তিনজন ভারতীয় নাগরিক। এই হামলায় এক ভারতীয় নাবিক প্রাণ হারিয়েছেন। বাকি দুই ভারতীয় ক্রু সুরক্ষিত রয়েছেন। নিহত নাবিকের প্রতি গভীর শোক প্রকাশ করেছে নয়াদিল্লি।
বাণিজ্যিক জাহাজে এই ধরনের রক্তক্ষয়ী আক্রমণকে ‘গুরুতর উদ্বেগের বিষয়’ হিসেবে আখ্যায়িত করে কঠোর নিন্দা জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে সাধারণ ক্রুদের জীবন ঝুঁকির মুখে ফেলার ঘটনাকে ভারত স্পষ্টভাবে ধিক্কার জানায়। আন্তর্জাতিক নৌচলাচলের স্বাধীনতা এবং বিশ্ব বাণিজ্য যে ক্রমাগত হুমকির মুখে পড়ছে, তা অত্যন্ত উদ্বেগের।
রাশিয়ায় নিযুক্ত ভারতীয় দূতাবাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং ভুক্তভোগী পরিবারকে সব ধরনের সহায়তা দেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা ও বৈশ্বিক বাণিজ্য নিশ্চিত করতে সব পক্ষকে আন্তর্জাতিক নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে ভারত।
উল্লেখ্য, এই হামলার খবর পাওয়ার আগেই ১৯ জুলাই ইউক্রেনীয় বন্দর ত্যাগের পরপরই গিনি-বিসাউয়ের পতাকাবাহী ‘এমভি গোল্ডেন লিও’ নামের আরেকটি জাহাজে হামলা চালানো হয়। সেখানেও চারজন ভারতীয় ক্রু নিহত এবং একজন মারাত্মকভাবে আহত হন। সূত্র : এনডিটিভি

এনটিভি অনলাইন ডেস্ক