আমি প্রধানমন্ত্রী থাকতে ফিলিস্তিন স্বাধীন হতে পারবে না : নেতানিয়াহু
গাজা বা দখলকৃত পশ্চিম তীরে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন হতে দেবেন না বলে চরম হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইউনাইটেড আরব লিস্টের নেতা মনসুর আব্বাসের এক বিবৃতির কড়া জবাব দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
এর আগে ইসরায়েলের আরব অধ্যুষিত তায়েবে শহরে দলের সাধারণ সম্মেলনে মনসুর আব্বাস বলেন, ফিলিস্তিন ইতোমধ্যে স্বাধীন রাষ্ট্র হিসেবে বিদ্যমান। বিশ্বের অধিকাংশ দেশ একে স্বীকৃতি দিয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উচিত আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া। আব্বাসের এমন আহ্বানের তীব্র বিরোধিতা করে নেতানিয়াহু বলেন, যতদিন আমি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে আছি, ততদিন ইরানের নিয়ন্ত্রণে ফিলিস্তিন রাষ্ট্র তৈরি হতে দেওয়া হবে না।
আসন্ন ২৭ অক্টোবরের পার্লামেন্ট (নেসেট) নির্বাচনকে সামনে রেখে নেতানিয়াহুর এই কঠোর সুর সামনে এলো। দেশটির সাম্প্রতিক জনমত জরিপগুলোতে দেখা যাচ্ছে, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন পাওয়ার দৌড়ে নেতানিয়াহুর দল ‘লিকুদ পার্টি’ ও তাদের জোট সঙ্গীরা বেশ পিছিয়ে রয়েছে।
চ্যানেল ১৩-এর সাম্প্রতিক জরিপ অনুযায়ী, বর্তমানে ৩২টি আসন থাকা লিকুদ জোট সর্বোচ্চ ৫১টি আসন পেতে পারে, যা পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের চেয়ে ১০টি কম। নির্বাচনে ভরাডুবির শঙ্কার মাঝেই উগ্র ডানপন্থি ও রক্ষণশীল ভোটারদের টানতেই নেতানিয়াহু ফিলিস্তিন রাষ্ট্রবিরোধী এই কঠোর অবস্থান তুলে ধরছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।

এনটিভি অনলাইন ডেস্ক