ভূমিকম্প নয়, নেপালের প্লাবন ছিল পাহাড় ধসের কারণে : ইউএসজিএস
নেপালের ধ্বংসাত্মক আকস্মিক বন্যায় কোনো ভূমিকম্পের ভূমিকা ছিল না বলে স্পষ্ট করেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। সংস্থার নতুন বিশ্লেষণে দেখা গেছে, এই প্রলয়ঙ্কারী বন্যায় ভূমিধস সরাসরি ভূমিকা রাখলেও এর পেছনে ভূকম্পনের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। খবর বিবিসির।
আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) ইউএসজিএস এক বিবৃতিতে জানায়, প্রাথমিকভাবে এই প্রাকৃতিক ঘটনাটিকে ৪ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প হিসেবে চিহ্নিত বা রিপোর্ট করা হয়েছিল। তবে দীর্ঘমেয়াদি ভূকম্পন তরঙ্গের বিস্তারিত বিশ্লেষণ শেষে নিশ্চিত হওয়া গেছে, ভূগর্ভস্থ ভূকম্পিক শক্তিটি ভূমিকম্প থেকে নয়, বরং বিশাল আকারের পাহাড়ি ভূখণ্ড ধসে পড়ার কারণেই তৈরি হয়েছিল।
এর আগে নেপালের পররাষ্ট্রমন্ত্রী দেশটির পার্লামেন্টে প্রাথমিক তথ্যের বরাতে জানান, অঞ্চলে প্রথমে ভূমিকম্প আঘাত হানে, যার প্রভাবে পরবর্তী সময়ে পাহাড়ি ধস ও আকস্মিক বন্যার সৃষ্টি হয়। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার সাম্প্রতিক বৈজ্ঞানিক বিশ্লেষণ পররাষ্ট্রমন্ত্রীর ওই প্রাথমিক ধারণা ও মন্তব্য ভুল বলে প্রমাণ করেছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, হিমালয় অঞ্চলে একটানা ভারি বৃষ্টিপাত এবং ভঙ্গুর পাহাড়ি গঠনের কারণে বিশাল এই ভূমিধসের সূচনা হয়, যা পরে নদীর গতিপথ রুদ্ধ করে ভয়াবহ আকস্মিক বন্যায় রূপ নেয়।

এনটিভি অনলাইন ডেস্ক