গ্রিসের পর্যটন কেন্দ্রে বিস্ফোরণে নারী নিহত, নিখোঁজ ৫
গ্রিসের রাজধানী এথেন্সের অন্যতম প্রধান ও ঐতিহাসিক পর্যটন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণে একটি আবাসিক ভবন ধসে পড়েছে। এ ঘটনায় অন্তত একজন নারী নিহত হয়েছেন এবং দুই বয়স্ক দম্পতিসহ ৪ জন পর্যটক নিখোঁজ রয়েছেন।
আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত প্রতিবেদনে গ্রিক ফায়ার ব্রিগেডের বরাতে এ মর্মান্তিক দুর্ঘটনার তথ্য নিশ্চিত করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এথেন্সের ঐতিহাসিক অ্যাক্রোপলিস এবং টেম্পল অব জিউসের নিকটবর্তী প্লাকা এলাকায় দুই তলা আবাসিক ভবনে আকস্মিক বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ভবনটি পুরোপুরি বিধ্বস্ত হয়। এতে অন্তত তিনজন আহত হন। এ ছাড়া আশেপাশের ঘরবাড়ি, দোকানপাট এবং কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফায়ার ব্রিগেডের এক কর্মকর্তা জানান, ভবনের ধ্বংসাবশেষ অপসারণের সময় এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া উদ্ধারকারী কুকুর ও জরুরি বিভাগের কর্মীরা নিখোঁজ বয়স্ক দম্পতি এবং একটি অ্যাপার্টমেন্টে থাকা ৪ জন পর্যটকের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন।
পুলিশের এক কর্মকর্তা জানান, নিখোঁজ চার পর্যটকের জাতীয়তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। শুক্রবার বিকেল ৩টায় এথেন্স বিমানবন্দর থেকে তাদের ফ্লাইট ধরার কথা ছিল। ওই দিনই তাদের চেক-আউট করার কথা ছিল, কিন্তু তারা নির্ধারিত সময়ে উপস্থিত হননি।
ঐতিহাসিক এই এলাকায় প্রচুর হোটেল এবং স্বল্পমেয়াদী ভাড়া দেওয়া অ্যাপার্টমেন্ট রয়েছে। ঠিক কী কারণে বিস্ফোরণটি ঘটেছে তা এখনও স্পষ্ট নয়।
এথেন্সের মেয়র হারিস দুকাস বলেছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি গ্যাস লাইন সম্পর্কিত কোনো দুর্ঘটনা হতে পারে।

এনটিভি অনলাইন ডেস্ক