৪৮ বছর ধরে পানি পান করেন না ওয়ারেন বাফেট, বিকল্প কি পান করেন?
বিশ্বখ্যাত বিনিয়োগকারী ওয়ারেন বাফেটের পানীয়ের অভ্যাস নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তার দাবি, প্রায় ৪৮ বছর ধরে তিনি এক গ্লাস পানিও পান করেননি। এর পরিবর্তে তার পছন্দের পানীয় চেরি কোক।
সম্প্রতি ‘ইকুইটি মেটস ইনভেস্টিং’ নামের একটি পডকাস্টে এ তথ্য জানান ধনকুবের বিনিয়োগকারী বিল অ্যাকম্যান। একবার বাফেটের সঙ্গে নৈশভোজের স্মৃতি তুলে ধরে তিনি বলেন, বাফেটকে সাধারণ পানি নাকি সোডা পানি পান করবেন, তা জানতে চেয়েছিলেন। কিন্তু দুটিই প্রত্যাখ্যান করে বাফেট জানান, তিনি কোমল পানীয় পছন্দ করেন। খবর এনডিটিভির।
অ্যাকম্যান বলেন, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, আপনি কি পানি পান করেন না? তিনি বলেছিলেন, বিল, ৪৮ বছর ধরে আমি পানি পান করিনি।
বহু বছর আগে নিজের বাড়িতে বাফেটকে নৈশভোজে আমন্ত্রণ জানিয়ে তার পছন্দের চেরি কোকের মজুতও করেছিলেন অ্যাকম্যান।
ব্রিটিশ লেখক গ্লেন আর্নল্ড তার ‘দ্য ডিলস অব ওয়ারেন বাফেট ভলিউম ২: দ্য মেকিং অব আ বিলিয়নেয়ার’ বইয়ে লিখেছেন, ৯৬ বছর বয়সী এই বিনিয়োগকারী দিনে পাঁচ ক্যান কোক পান করতেন। প্রায় ৫০ বছর ধরে তিনি পেপসি পান করলেও এক পুরোনো প্রতিবেশীর পরামর্শে পরে চেরি কোকের প্রতি ঝুঁকে পড়েন।
২০১৫ সালে ‘ফরচুন’ সাময়িকীকে বাফেট বলেছিলেন, আমি এক-চতুর্থাংশ কোকাকোলা।
বাফেট আরও বলেন, প্রতিদিন তার খাদ্যগ্রহণের পরিমাণ যদি ২ হাজার ৭০০ ক্যালরি হয়, তাহলে এর এক-চতুর্থাংশ আসে কোকাকোলা থেকে। প্রতিদিন অন্তত ১২ আউন্সের পাঁচটি কোক পান করেন তিনি।
বাফেটের ছেলে হাওয়ার্ডের এক শৈশববন্ধু সিএনবিসিকে জানান, ছোটবেলায় হাওয়ার্ডের বন্ধুরা তাকে ‘পেপসি ওয়ারেন’ বলে ডাকত। জিম রস নামের ওই বন্ধু বলেন, গভীর রাতে তাদের সঙ্গে পোকার খেলতে হাওয়ার্ডের বাবা বাথরোব পরে নিচে নেমে আসতেন। তখন তিনি পেপসি পান করতেন।
তবে পেপসির সঙ্গে দীর্ঘ সম্পর্কের অবসান ঘটে ১৯৮৬ সালে। ওই বছর বার্কশায়ার হ্যাথাওয়ের বার্ষিক সভায় বাফেট চেরি কোককে প্রতিষ্ঠানের সভার আনুষ্ঠানিক পানীয় হিসেবে ঘোষণা করেন। এর মধ্য দিয়ে প্রায় ৪৮ বছরের পেপসি-নির্ভরতার অধ্যায়ে পরিবর্তন আসে।

এনটিভি অনলাইন ডেস্ক