সিনেটে ডেমোক্র্যাটরা এগিয়ে ৪৯ আসনে, রিপাবলিকানরা ৩৭
যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ কার হাতে যাবে, তা নির্ধারণে চলছে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট গণনা। সর্বশেষ লাইভ আপডেট অনুযায়ী, ১০০ সদস্যের মার্কিন সিনেটে ডেমোক্র্যাটরা ৪৯টি আসনে এবং রিপাবলিকান পার্টি ৩৭টি আসনে এগিয়ে রয়েছে।
আজ বুধবার (৪ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার নির্বাচনি ফলাফল ট্র্যাকার ও লাইভ আপডেট থেকে এই তথ্য জানা গেছে।
উচ্চকক্ষ সিনেটের পাশাপাশি নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদেও (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) বিরোধী দল ডেমোক্র্যাটদের জয়ের প্রবল জোয়ার লক্ষ্য করা যাচ্ছে। লাইভ আপডেট অনুযায়ী, প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ২১৮টি আসনের লড়াইয়েও ডেমোক্র্যাটরা স্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছে। এখন পর্যন্ত ডেমোক্র্যাটরা ১৩৭ ও রিপাবলিকান পার্টি ৯২ আসনে জয় লাভ করেছে।
বিশ্লেষকদের মতে, মধ্যবর্তী নির্বাচনের এই লড়াইয়ে উভয় দলই সেনেটের নিয়ন্ত্রণ ধরে রাখতে বা নিজেদের দখলে নিতে মরিয়া চেষ্টা চালাচ্ছে। প্রাথমিক ফলাফলের এই সমীকরণ ট্রাম্প প্রশাসনের নীতিমালার ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। চূড়ান্ত ফলাফল পেতে এখনও বেশ কয়েকটি অঙ্গরাজ্যের ভোট গণনা সম্পন্ন হওয়ার অপেক্ষা করতে হবে।

এনটিভি অনলাইন ডেস্ক