বিশ্বজুড়ে তীব্র গরমের শঙ্কা
প্রশান্ত মহাসাগরে তৈরি হওয়া ‘এল নিনো’ বা উষ্ণ সমুদ্রপ্রবাহের প্রভাবে বিশ্বব্যাপী তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে বলে সতর্ক করেছে বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও)। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, এর ফলে চলতি বছরের বাকি সময় এবং আগামী বছরের শুরুর দিক পর্যন্ত পুরো পৃথিবী জুড়ে আবহাওয়া থাকবে অত্যন্ত উষ্ণ ও অস্বাভাবিক গরম। খবর বিজনেস মিররের।
বিশ্ব আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, প্রশান্ত মহাসাগরে ঘনীভূত হওয়া এল নিনো প্রপঞ্চ বিশ্বজুড়ে তাপমাত্রাকে আরও শূন্য দশমিক ১ থেকে শূন্য দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস বাড়িয়ে দেবে। মূলত মানুষের কর্মকাণ্ডের কারণে আগে থেকেই উত্তপ্ত হয়ে থাকা পৃথিবীর জলবায়ুর সঙ্গে এই শক্তিশালী এল নিনো যুক্ত হয়ে পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
এমন সময়ে এই সতর্কবার্তাটি এল, যখন প্রায় ২০০টি দেশের জলবায়ু আলোচকরা ক্রমবর্ধমান বৈশ্বিক তাপমাত্রা মোকাবিলায় বার্ষিক জাতিসংঘ জলবায়ু সম্মেলনে (কপ) অংশ নিয়েছেন। বিজ্ঞানীরা বলছেন, বছরজুড়েই চরম আবহাওয়ার মুখোমুখি হয়েছে বিশ্ব। এর পেছনে মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন এবং ক্রমবর্ধমান গ্রিনহাউস গ্যাসের নির্গমন সরাসরি দায়ী।
বিশ্ব আবহাওয়া সংস্থার প্রধান ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, উষ্ণ হতে থাকা সমুদ্রের তাপশক্তি বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ার কারণে এই রেকর্ড ভাঙা গরম অনুভূত হচ্ছে। বিশেষ করে চলতি বছরটি ইতিহাসের অন্যতম উষ্ণতম বছরগুলোর একটি হিসেবে চিহ্নিত হতে চলেছে। মহাসাগরের তাপমাত্রা রেকর্ড মাত্রায় পৌঁছানো এবং মেরু অঞ্চলের বরফ হ্রাস পাওয়ার পাশাপাশি বিশ্বজুড়ে খরা, তাপপ্রবাহ এবং ভারি বৃষ্টির প্রবণতা বাড়ার পেছনেও এই জলবায়ু পরিবর্তনের বড় ভূমিকা রয়েছে।
সংস্থাটি আরও জানিয়েছে, এই অতিরিক্ত তাপমাত্রার কারণে কেবল পরিবেশ বা প্রকৃতিই নয়, বরং বিশ্বজুড়ে কৃষি উৎপাদন, মানবস্বাস্থ্য, পানিসম্পদ এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে। বিশেষ করে যেসব অঞ্চল জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে কম দায়ী, তারাই এর প্রভাবে সবচেয়ে আগে এবং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশ্বজুড়ে নীতিনির্ধারক ও বিশ্বনেতারা অবিলম্বে কার্যকর পদক্ষেপ না নিলে আগামী দিনে এই জলবায়ু সংকট আরও ভয়াবহ রূপ ধারণ করবে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া সংস্থাটি।

এনটিভি অনলাইন ডেস্ক