মিয়ানমার কর্তৃপক্ষ রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে : আইসিজে
মিয়ানমার তার সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে বলে রায় দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। এর ফলে এই প্রথম কোনো রাষ্ট্রকে আন্তর্জাতিক বিচার আদালত গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করলো। খবর বিবিসি ও এএফপির।
রায় ঘোষণাকালে বিচারপতি ইউজি আইওয়াসাওয়া বলেন, ‘মিয়ানমারের নিরাপত্তা বাহিনী গণহত্যার উদ্দেশ্য নিয়েই কাজ করেছিল—এমন যুক্তিসঙ্গত অনুমান করার যথেষ্ট ভিত্তি রয়েছে এবং রোহিঙ্গাদের একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার অভিপ্রায় মিয়ানমারের ছিল।’
আইসিজে প্রেসিডেন্ট ইউজি আইওয়াসাওয়া বলেন, মিয়ানমারকে (গণহত্যার) কর্মকাণ্ডে জড়িত থাকার যুক্তিসঙ্গত সন্দেহভাজন সকল ব্যক্তির বিরুদ্ধে তদন্ত করার জন্য অবিলম্বে এবং কার্যকর পদক্ষেপ নিতে হবে... এবং প্রমাণের ভিত্তিতে তাদের বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে।
বিচারপতিরা ২০১৭ সালের নৃশংস দমন-পীড়নকে গণহত্যা হিসেবে রায় দেওয়ার পর, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আন্তর্জাতিক বিচার আদালত মিয়ানমারকে তার সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীকে ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দিয়েছেন।
আইসিজে প্রেসিডেন্ট ইউজি আইওয়াসাওয়া বলেন, আন্তর্জাতিক বাধ্যবাধকতা লঙ্ঘনের ফলে রোহিঙ্গা জনগোষ্ঠী এবং এর সদস্যদের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা পূরণ করার বাধ্যবাধকতা মিয়ানমারের রয়েছে... যতক্ষণ না সেই ক্ষতি পূর্বাবস্থায় ফিরিয়ে আনার মাধ্যমে পূরণ করা সম্ভব হচ্ছে।
মিয়ানমারে ২০১৭ সালে এক সামরিক অভিযানে হাজার হাজার রোহিঙ্গা নিহত হন এবং বৌদ্ধ-সংখ্যাগরিষ্ঠ দেশটি থেকে ৭ লাখেরও বেশি মানুষ প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হন।
গাম্বিয়ার দায়ের করা এই মামলায় মিয়ানমার কর্তৃপক্ষ গণহত্যার অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলার জবাবেই তাদের বাহিনী অভিযান চালিয়েছিল।

এনটিভি অনলাইন ডেস্ক