রেকর্ড গড়তে যাচ্ছে শাকিব-অপুর ‘লাভ ম্যারেজ’
এবার ঈদে শাকিব-অপু জুটির একমাত্র ছবি ‘লাভ ম্যারেজ’ মুক্তি পেতে যাচ্ছে দেশের ১৩০টি প্রেক্ষাগৃহে। এবারই প্রথম একযোগে এতগুলো সিনেমাহলে একটি চলচ্চিত্র মুক্তি পেতে যাচ্ছে। বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে এটি একটি রেকর্ড। এর আগে শাকিব খানের নিজের প্রযোজনার ‘নাম্বার ওয়ান শাকিব খান’ ছবিটি মুক্তি পেয়েছিল ১১৭টি সিনেমা হলে। শাহিন সুমন পরিচালিত ‘লাভ ম্যারেজ’ ছবিটি সেই রেকর্ডকেও ছাড়িয়ে গেল।
১৩০টি প্রেক্ষাগৃহে ছবি মুক্তি দিলেই তো হলো না, এজন্য চাই প্রচারণা। প্রচারণার প্রস্তুতি নিয়ে পরিচালক শাহিন সুমন বলেন, ‘বাংলাদেশে ছবির প্রচারণা মূলত স্থানীয়ভাবে মাইকিং আর পোস্টারিংয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকে, তবে এটা ব্যাপক হারে করতে হয়। ২৫ রোজা থেকে আমরা এই প্রচারণার দিকে জোর দিয়েছি। ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার সময় যাত্রীরা যেন ছবির পোস্টার বারবার দেখে। মাইকের সাউন্ড যেন প্রত্যেকের কানে লাগে। আসলে দর্শকদের জানাতে চাই যে আমার একটি ছবি মুক্তি পাচ্ছে, কারণ বাংলাদেশে এখন যারা নায়ক নায়িকা আছেন তাঁদের মধ্যে একমাত্র শাকিব-অপুই দর্শক টানতে পারেন। তা ছাড়া, আমার ছবির প্রতি দর্শকদের একটা বিশ্বাস আছে। আমরা আশা করি, দর্শক ছবিটি ভালোভাবে গ্রহণ করবে।’
পরিচালক শাহিন আরো বলেন, ‘লাভ ম্যারেজ ছবিটি বাংলাদেশের মৌলিক গল্প, এখনকার ছবিতে বাংলাদশের মানুষের সাথে গল্প মেলে না। কিন্তু আমার এই ছবির গল্প কারো না কারো সাথে মিলে যাবে। দর্শকদের একবারের জন্যও মনে হবে না যে, গল্পটা তারা বুঝতে পারছে না। কমেডি, অ্যাকশন, ড্রামা সবই আছে ছবিতে।’
ছবিটি প্রযোজনা করেছেন তাপশী ঠাকুর। ‘লাভ ম্যারেজ’ ছবিতে শাকিব খান, অপু বিশ্বাস ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, সাদেক বাচ্চুসহ আরো অনেকে।

মাজহার বাবু