অবশেষে ধোনির স্ত্রী চরিত্রে কিয়ারা
ভারতের তারকা ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে তৈরি করা হচ্ছে এক বিগ বাজেট বায়োপিক সিনেমা। ধোনির চরিত্রে অভিনয় করছেন সুশান্ত সিং রাজপুত। টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা গেল, ধোনির স্ত্রী সাক্ষী রাওয়াতের চরিত্রে অভিনয় করছেন কিয়ারা আদভানি। এর আগে বেশ কয়েকজনের নাম শোনা গিয়েছিল এই চরিত্রের জন্য। এদের মধ্যে এগিয়ে ছিলেন পরিণীতি চোপড়া।
কে ছিলেন না এই আলোচনায়? আলিয়া ভাট, শ্রদ্ধা কাপুর, কৃতী সানন ও সবশেষে পরিণীতি চোপড়া। অবশেষে সবাইকে ‘টপকে’ চরিত্রটি পেলেন কিয়ারা আদভানি। ছবির কাজও শুরু হবে কিছুদিনের মধ্যেই।
এই বায়োপিকের নাম ‘এমএস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি’। পেশাদার ক্যারিয়ার ছাড়াও ধোনির ব্যক্তিগত জীবন এবং স্ত্রী সাক্ষীর সাথে সম্পর্কের বিষয়গুলো থাকবে এই ছবিতে। ২০১২ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মহেন্দ্র সিং ধোনি ও সাক্ষী রাওয়াত। ধোনিকে নিয়ে এই ছবিটি নির্মাণ করছেন নিরাজ পাণ্ডে। এ বছরেই ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও তা আগামী বছরে গড়াবার সম্ভাবনাই বেশি।
কিয়ারা আদভানিকে বলিউডে নতুনই বলা যায়। ২০১৪ সালে একটি কমেডি ছবিতে অভিনয় করেছিলেন, তবে ছবিটি তেমন কোনো আলোচনাতেই আসেনি। এমন নতুন একজনকে ছবিতে কাস্ট করার নাকি আগ্রহ খোদ পরিচালকের।
অনেক ছবিতে অভিনয় করা অভিজ্ঞ কাউকে নয়, বরং আনকোরা কোনো মুখই ধোনির স্ত্রীর চরিত্রে উপযোগী হবে বলে তাঁর ধারণা। বলিউডি ছবির নিয়মিত মুখ না হলেও মডেলিং জগতে কিয়ারা যথেষ্টই সাবলীল ও পরিচিত।

সামি আল মেহেদী