অবশেষে জিয়া খানকে নিয়ে মুখ খুললেন সুরজ
সুইসাইড নোটে তাঁর নাম লিখে গিয়েছিলেন জিয়া খান। সুরজ পাঞ্চোলি তখন থেকেই জড়িয়েছেন ফ্যাসাদে। তবে এত দিন পর্যন্ত কখনোই মুখ খোলেননি ‘হিরো’র নতুন নায়ক। অবশেষে ভেঙেছেন নীরবতা। মিসমালিনী, স্কুপহুপের মতো বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেল, জিয়ার সঙ্গে সম্পর্কের বিষয়গুলো নিয়ে লুকোছাপা না করেই কথা বলেছেন সুরজ।
নিজের ভুলের কথা নিয়ে স্বীকার করেছেন সরাসরি, ‘আমি কখনোই এমন কথা বলব না যে আমি ভুল করিনি। করেছি, আমি ভুল করেছি। সেটা যা-ই হোক না কেন।’
জিয়া খানের সঙ্গে নিজের সম্পর্কের কথা নিয়ে বলেছেন, ‘নাফিসা (জিয়া খান) সব সময়ই আমার মন আর হৃদয়ের মাঝে থাকবে।’
তবে এসব কথা বললেও নিজের ‘অপরাধ’ বিষয়ে কোনো ধরনের মচকানো মন্তব্য করেননি সুরজ। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে বিচলিত নন তিনি, ‘আমার যদি ভুল হয়ে থাকে, তাহলে কোনো কিছুই আমাকে বাঁচাতে পারবে না। কিন্তু যদি আমি ভালো হয়ে থাকি বা ভুল না হয়ে থাকে, তাহলে কোনো কিছুই আমার কোনো ক্ষতি করতে পারবে না।’
সুরজ পাঞ্চোলি ও আথিয়া শেঠির প্রথম ছবি ‘হিরো’ আগামী মাসে, অর্থাৎ ২৫ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে। ছবিটি প্রযোজনা করেছেন সালমান খান।
২০১৩ সালের জুন মাসের শুরুর দিকে আত্মহত্যা করেন তরুণী অভিনেত্রী জিয়া খান। সুরজ পাঞ্চোলির সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তাঁর। মৃত্যুর আগে সুরজের সঙ্গে সম্পর্কের দুরবস্থার কথা লিখে গিয়েছিলেন তিনি।

সামি আল মেহেদী