এনটিভিতে আসছে নতুন ধারাবাহিক নাটক ‘ হাউস ৪৪’
আগামী ৬ অক্টোবর থেকে এনটিভিতে শুরু হতে যাচ্ছে ১০৪ পর্বের নতুন ধারাবাহিক নাটক ‘হাউস ৪৪’। নাটকটি প্রতি সপ্তাহের মঙ্গলবার ও বুধবার রাত ১১টা ৩০ মিনিটে প্রচার করা হবে। তুহিন রাসেলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্নাহ্।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হয়াত, মুনিরা মিঠু, অপর্না, শবনম ফারিয়া, মাজনুন মিজান, মাশরুর, সুমন পাটোয়ারী, ইরফান সাজ্জাদ, মিশু সাব্বির, তৌসিফ মাহবুব, সিয়াম আহমেদ, সাজু খাদেম, আর জে অপু, জিল্লুর রহমান, সালমান মুক্তাদির, শাওনসহ আরো অনেকে ।
‘হাউস ৪৪’ নাটকের গল্পে দেখা যাবে, ‘ ৩ তলা বাড়িতে মালিক ছাড়াও আরো দুটি পরিবার ভাড়া থাকে। একটি হচ্ছে স্বামী, স্ত্রী আর মাকে নিয়ে, আর একটি হচ্ছে ব্যাচেলর পরিবার। প্রথম পরিবারে কোনো প্রকার ঝামেলাহীন ভাবেই তাদের জীবন কাটে। কারণ পরিবারের কর্তা একজন সরকারি কর্মকর্তা। বেতন যাই হোক উপরি বেজায় স্বাস্থ্যবান। লোকটি বয়স কালে বিয়ে করেছে তাই তার স্ত্রীর বয়স একটু কম। তাতে তার কোনো আক্ষেপ নেই। কারণ সে জানে তার স্ত্রী খুবই সুখী। কারণ কখনোই তাদের মধ্যে ঝগড়া হয় না। আর তার স্ত্রীর কষ্ট হলেও টাকার চাপে সবই ভুলে যায়। কষ্ট পেলেই তার শপিং করতে যেতে হয়। শপিং করে এনে হায়াৎ সাহেবের বউ আর মেয়েদের দেখাবেই। তারা দেখতে না চাইলেও দেখাতে তাদের হবেই। লোকটির বোন এগুলো আবার পছন্দ করে না। কিন্তু ছেলে আর তার ছেলের স্ত্রীর কাছে কিছু বলে না, কারণ তারা যদি কষ্ট পায়। তাই কি আর করা বাড়ির মেঝ মেয়ে আর সালেহ উদ্দিন সাহেবের স্ত্রীর কাছে বলে কিছুটা মন হালকা করে নেয়। সালেহ উদ্দিন সাহেবের দ্বিতীয় ভাড়াটিয়া ব্যাচেলার পরিবার। একজন ফয়সাল, আরেকজন তৌসিফ। তাদের ভদ্রতা দেখে সালেহ উদ্দিন সাহেব বাসাটা ভাড়া দেন। সত্যি ফয়সাল ও তৌসিফ খুবই ভালো।
ফয়সাল শহরের একটি প্রাইভেট ব্যাংকে চাকরি করে। সময়ের কাজ সময়ে করে। পরিষ্কার পরিছন্ন থাকে। শহরের একটি ব্যাচেলার বাসা থেকেই তৌসিফের সাথে বাবুর পরিচয়। আর ফয়সাল হচ্ছে শহরে দেখা তারই মতো একজন ছেলে। কিন্তু পরবর্তীকালে তাদের সাথে নতুন করে যোগ দেয় আরো তিনজন- সালমান, শাওন, এবং শুভ্র। কিন্তু তারা খুবই নম্রভাবে বাসা নেয় আর পরবর্তীতে গর্জে উঠে। ব্যাচেলর বাসায় রীতিমতো যেসব কর্মকাণ্ড হয় যেমন, ধূমপান, বাথরুমে পানি না ঢালা যাবতীয় কিছুই শুরু করে দেয়। একপর্যায় উৎপাত মাত্রাতিরিক্ত বেড়ে যায়। পরবর্তীকালে ফ্ল্যাট থেকে পুরো বাড়িতে উৎপাত হতে থাকে কারণ সালেহ উদ্দীন সাহেবের ঘরে যুবতী তিনটি মেয়ে রয়েছে। তাদের উত্ত্যক্তর মাত্রা এতই বেড়ে যায় যে একপর্যায় তাদের বাসা থেকে চলে যেতে বলে। কিন্তু সালেহ উদ্দীন সাহেবের সহানুভূতি আর সরলতার সুযোগ নিয়ে মন গলিয়ে ফেলে তারা।

নাইস নূর