ঢাকায় এসেও মঞ্চে উঠতে পারল না পাকিস্তানি ব্যান্ড
ঢাকায় এসেও আয়োজন অনিশ্চিত হয়ে পড়ায় কনসার্ট করতে পারল না পাকিস্তানি ব্যান্ড ‘কাভিশ’। আয়োজক প্রতিষ্ঠান প্রাইম ওয়েভ কমিউনিকেশনস জানায়, নির্ধারিত ভেন্যুর অনুমতি শেষ মুহূর্তে না পাওয়ায় অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে; যদিও পুরোপুরি বাতিল করা হয়নি।
‘ওয়েভ ফেস্ট: ফিল দ্য উইন্টার’ শিরোনামে আয়োজিত এই কনসার্টটি হওয়ার কথা ছিল আজ শুক্রবার বিকেলে। এতে কাভিশের পাশাপাশি বাংলাদেশের ব্যান্ড শিরোনামহীন, মেঘদলসহ আরও কয়েকজন শিল্পীর পারফর্ম করার কথা ছিল। ভেন্যু হিসেবে নির্ধারিত ছিল মাদানী অ্যাভিনিউয়ের কোর্টসাইড।
এর একদিন আগে, বৃহস্পতিবার রাতে কাভিশ ঢাকায় পৌঁছায়। ব্যান্ড সদস্যদের বিমানবন্দরের কয়েকটি ছবি প্রকাশ করে আয়োজক প্রতিষ্ঠান জানায়, ‘কাভিশ’ ঢাকায় এসে গেছে।
এরপর স্থগিতের খবর জানিয়ে ব্যান্ডটির পক্ষ থেকে একটি ভিডিও বার্তাও প্রকাশ করা হয়। আয়োজকদের ভাষ্য, দেশের সামগ্রিক পরিস্থিতি ও অস্থিরতার কারণে, সমস্ত প্রস্তুতি, কাগজপত্র, ভেন্যু ও পারিশ্রমিক–সব জটিলতা সমাধানের পরও পরামর্শ দেওয়া হয়েছে অনুষ্ঠানটি সাময়িকভাবে পিছিয়ে দেওয়ার। শেষ মুহূর্ত পর্যন্ত আয়োজন ধরে রাখার চেষ্টা করলেও পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
আয়োজক প্রতিষ্ঠান জানায়, অনুষ্ঠানটি স্থগিত হলেও বাতিল করা হয়নি। দর্শকদের হতাশ না হওয়ার অনুরোধ জানিয়ে তারা দুঃখ প্রকাশ করে। পাশাপাশি কাভিশের পাঠানো ভিডিও বার্তাটিও প্রকাশ করেছে আয়োজকরা।
এর আগে জানুয়ারিতেও ঢাকায় এসে ‘ঢাকা ড্রিমস’ কনসার্টে গান পরিবেশন করেছিল কাভিশ। দক্ষিণ এশিয়াজুড়ে জনপ্রিয় এই ব্যান্ডটি ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয়।

বিনোদন ডেস্ক