অবশেষে ঢাকায় গাইবেন কাভিশ, সঙ্গে শিরোনামহীন-মেঘদল
প্রায় ১০ মাসের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকায় হতে যাচ্ছে পাকিস্তানি ব্যান্ড কাভিশের কনসার্ট। আগামী ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ‘ওয়েভ ফেস্ট: এনজয় দ্য ফুল মুন’ শিরোনামের এই আয়োজন। কাভিশের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করবে বাংলাদেশের জনপ্রিয় দুই ব্যান্ড শিরোনামহীন ও মেঘদল।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে কনসার্টের নতুন তারিখ ঘোষণা করেছে আয়োজক প্রতিষ্ঠান প্রাইম ওয়েভ কমিউনিকেশন। আয়োজকদের ভাষায়, ‘আপনাদের অপেক্ষা এবার শেষ হতে চলল। উপভোগ করুন দ্য ফুল মুন উইথ কাভিশ, শিরোনামহীন, মেঘদল। ওয়েভ ফেস্ট সিজন ০১।’
এর আগে ২০২৫ সালের ৫ ডিসেম্বর ঢাকায় কাভিশকে নিয়ে কনসার্টটি হওয়ার কথা ছিল। সে সময় দেশের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাজনিত কারণে অনুমতি না পাওয়ায় শেষ মুহূর্তে আয়োজনটি স্থগিত করা হয়। তখন কনসার্টটির নাম ছিল ‘ওয়েভ ফেস্ট: ফিল দিজ উইনটার’। এবার নতুন তারিখের পাশাপাশি পরিবর্তন করা হয়েছে আয়োজনের নামও।
নতুন আয়োজনে আগের টিকিটই বহাল থাকছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অর্থাৎ যারা আগে টিকিট কিনেছিলেন, তাঁরা সেই টিকিট দিয়েই এবারের কনসার্টে অংশ নিতে পারবেন। পাশাপাশি নতুন দামে টিকিট বিক্রিও শুরু হয়েছে অনলাইন প্ল্যাটফর্ম টিকিফাইয়ে। সাধারণ টিকিটের দাম ২ হাজার ৯৯৯ টাকা এবং ভিআইপি টিকিট ৫ হাজার ৪৯৯ টাকা।
নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এখনো কনসার্টের ভেন্যুর নাম প্রকাশ করেনি আয়োজকরা।
১৯৯৮ সালে জাফর জাইদি ও মাজ মাওদুদের হাত ধরে যাত্রা শুরু করে কাভিশ। বাংলাদেশে প্রথমবারের মতো ২০২৫ সালের জানুয়ারিতে সরাসরি গান পরিবেশন করেছিল পাকিস্তানি এই ব্যান্ড। ‘বাচপান’, ‘তেরে পেয়ার মে’, ‘মোরে সাইয়া’, ‘নিন্দিয়া রে’ ও ‘ফাসলে’ তাদের জনপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম।
এদিকে কনসার্টের দেশীয় দুই শিল্পীও নিজেদের ব্যস্ততায় সময় পার করছে। সম্প্রতি কলকাতায় ‘মেঘের সঙ্গে চাঁদের দেখা’ কনসার্টে পারফর্ম করেছে মেঘদল। পাশাপাশি কোক স্টুডিও বাংলায় ‘মুল্লুক’ গান প্রকাশ করেছে ব্যান্ডটি। অন্যদিকে নিয়মিত মঞ্চে পারফর্ম করার পাশাপাশি শিরোনামহীন সম্প্রতি প্রকাশ করেছে নতুন গান ‘স্বপ্নের টিকিট’।

বিনোদন ডেস্ক