গ্রেটফুল ডেডের সহ-প্রতিষ্ঠাতা বব উইয়ার আর নেই
বিশ্বখ্যাত ব্যান্ড গ্রেটফুল ডেডের সহ-প্রতিষ্ঠাতা ও গিটারিস্ট বব উইয়ার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৭৮ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।
তার ইনস্টাগ্রাম পেজে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, তিনি ক্যানসার ও ফুসফুসজনিত জটিলতায় ভুগছিলেন এবং পরিবারের সদস্যদের সামনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিবৃতিতে আরও বলা হয়, এখানে কোনো চূড়ান্ত পর্দা নামেনি। বরং মনে হচ্ছে তিনি আবার নতুন এক যাত্রায় বেরিয়ে পড়েছেন।
১৯৬৫ সালে ক্যালিফোর্নিয়ায় গ্রেটফুল ডেড ব্যান্ড প্রতিষ্ঠার মধ্য দিয়ে বব উইয়ারের সংগীতজীবনের উত্থান ঘটে। খুব দ্রুতই ব্যান্ডটি সান ফ্রান্সিসকোর বিকল্প সংস্কৃতির প্রতীক হয়ে ওঠে। সাইকেডেলিক রক, ফোক ও আমেরিকানার মিশ্রণে তারা সৃষ্টি করেন নিজস্ব ধারা, যা পরবর্তীতে ‘জ্যাম ব্যান্ড’ ধারার পথিকৃৎ হিসেবে পরিচিতি পায়।
গ্রেটফুল ডেড ১৯৯৪ সালে রক অ্যান্ড রোল হল অব ফেমে অন্তর্ভুক্ত হয় এবং ২০০৭ সালে পায় গ্র্যামির লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড।
১৯৯৫ সালে ব্যান্ডের আরেক সহ–প্রতিষ্ঠাতা জেরি গার্সিয়ার মৃত্যুর পর গ্রেটফুল ডেডের আনুষ্ঠানিক যাত্রা থেমে গেলেও বব উইয়ার ডেড অ্যান্ড কোম্পানিসহ নানা স্পিন–অফ প্রকল্পে যুক্ত ছিলেন। ২০২৪ ও ২০২৫ সালে লাস ভেগাসের ‘স্ফিয়ার’ অডিটোরিয়ামে তাদের ধারাবাহিক পরিবেশনাও ব্যাপক প্রশংসা কুড়ায়।
ইনস্টাগ্রাম পোস্টে বলা হয়, গত জুলাইয়ে ক্যানসার ধরা পড়লেও চিকিৎসার মাঝেই তিনি গান গেয়ে গেছেন। ‘ওই পারফরম্যান্সগুলো বিদায় নয়, ছিল উপহার—সংগীতের প্রতি তার অদম্য ভালোবাসার আরেকটি প্রমাণ।’
তার মৃত্যুতে বিশ্বজুড়ে সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। নিউইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিং টাই–ডাই রঙে আলোকিত করে কিংবদন্তি এই শিল্পীকে সম্মান জানায়। গানস এন রোজেসের গিটারিস্ট স্ল্যাশ, ঈগলস ব্যান্ডের সাবেক গিটারিস্ট ডন ফেল্ডারসহ বহু তারকা সামাজিক মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, স্ত্রী নাতাশা ও সন্তান শালা ও ক্লোই এই কঠিন সময়ে ব্যক্তিগত গোপনীয়তা চান, তবে বিশ্বজুড়ে ভালোবাসা ও সহমর্মিতার জন্য তারা কৃতজ্ঞ।
ছয় দশকের বেশি সময় ধরে সংগীতপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নেওয়া বব উইয়ারের সৃষ্টির মধ্য দিয়েই তার উত্তরাধিকার চিরদিন বেঁচে থাকবে।

এনটিভি অনলাইন ডেস্ক