পারমাণবিক যুদ্ধে না জড়ানোর ঘোষণা ট্রাম্প, পুতিন ও শি জিনপিংয়ের
চীনের শেনজেন শহরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রায় ৯০ মিনিটের ত্রিপক্ষীয় বৈঠক শেষে চীন ত্যাগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শীর্ষ এই বৈঠকের পর যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া শান্তির বিষয়ে একটি ‘যৌথ ঘোষণা’ প্রকাশ করেছে। ঘোষণাপত্রে দেশ তিনটি বলেছে, ‘পারমাণবিক যুদ্ধে কখনো জয়ী হওয়া যায় না এবং এটি কখনোই লড়া উচিত নয়।’ খবর বিবিসির।
বৈঠকস্থল ত্যাগের সময় ক্রেমলিনের প্রকাশিত এক ভিডিও ফুটেজে পুতিনকে উদ্দেশ্য করে শি জিনপিংকে বলতে শোনা যায়, ‘আমার মনে হয় না কেউ এমনটা আশা করেছিল যে- সবকিছু এত ভালোভাবে সম্পন্ন হবে।’
এর আগে শি জিনপিং এই আলোচনাকে ‘যুগান্তকারী ও তাৎপর্যপূর্ণ’ বলে অভিহিত করেছিলেন এবং ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তারা ‘সত্যিই ইতিহাস তৈরি করছেন’।
সম্মেলনস্থল থেকে বিবিসির প্রতিবেদক নাদা তৌফিক জানিয়েছেন, কিছুদিন আগেও এমন একটি বৈঠক ছিল একেবারেই অকল্পনীয়।
ত্রিপক্ষীয় বৈঠকের আগে ট্রাম্প পুতিন ও শি জিনপিংয়ের সঙ্গে আলাদাভাবে দ্বিপক্ষীয় বৈঠক করেন। ওই সময় তিনি রুশ নেতাকে নিজের ‘বন্ধু’ বলে সম্বোধন করেন। এছাড়া শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ও চীন ইউক্রেন যুদ্ধের অবসান দেখতে চায়।
তবে এই বৈঠক নিয়ে ইউরোপীয় মহলে ভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। বিবিসির প্রতিবেদক লরা বিকার জানান, ইউক্রেন ইস্যুতে শি জিনপিং রাশিয়ার ওপর আরও বেশি চাপ সৃষ্টি না করায় ইউরোপের অনেক মহলেই হতাশা বাড়ছে।
অন্যদিকে, বিবিসির আরেক প্রতিবেদক স্টিভ রোজেনবার্গ মনে করেন, পুতিনের জন্য এই শীর্ষ সম্মেলন এরই মধ্যে একটি বড় কূটনৈতিক বিজয় হিসেবে দেখা হচ্ছে।

এনটিভি অনলাইন ডেস্ক