মুক্তির আগেই ‘ধুরন্ধর টু’ সিনেমার পাইরেসি ঠেকাতে আদালতের নিষেধাজ্ঞা
বহুল প্রতীক্ষিত বলিউড সিনেমা ধুরন্ধর: দ্য রিভেঞ্জ (ধুরন্ধর ২) ঘিরে দর্শকের আগ্রহ যখন তুঙ্গে, ঠিক তখনই সামনে এসেছে পাইরেসির শঙ্কা। তাই মুক্তির আগেই সম্ভাব্য এই ঝুঁকি মোকাবিলায় আগেভাগেই আইনি সুরক্ষা পেল বহুল সিনেমাটি। অবৈধ সম্প্রচার ও অনলাইন স্ট্রিমিং ঠেকাতে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেছে মাদ্রাজ হাইকোর্ট।
মামলার শুনানিতে আদালতের বিচারপতি সেন্থিলকুমার রামামূর্তি এক আদেশে একাধিক ইন্টারনেট সেবা প্রদানকারী (আইএসপি) ও কেবল অপারেটরকে নির্দেশ দিয়েছেন, কোনোভাবেই যেন সিনেমাটি অবৈধভাবে প্রচার বা স্ট্রিমিং না করা হয়। আদালত পর্যবেক্ষণে বলেছেন, এ ধরনের ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা না নিলে নির্মাতাদের অপূরণীয় ক্ষতির সম্মুখীন হতে পারে।
তবে একই সঙ্গে আদালত একটি ভারসাম্যপূর্ণ অবস্থানও নিয়েছে। নিষেধাজ্ঞার কারণে কোনো প্রতিষ্ঠানের বৈধ ব্যবসা ক্ষতিগ্রস্ত হলে তার দায়ভার বহন করতে হবে বাদীপক্ষকেই—এমন শর্তও যুক্ত করা হয়েছে আদেশে।
এই মামলাটি দায়ের করে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং জিও স্টুডিওস। তারা আশঙ্কা প্রকাশ করে জানায়, মুক্তির আগেই সিনেমাটি পাইরেসির শিকার হতে পারে। সেই কারণে জরুরি ভিত্তিতে আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়। মালিকানার প্রমাণ হিসেবে তারা সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের ছাড়পত্রও জমা দেয়। যা সিনেমাটির স্বত্ব নিশ্চিত করে।
আদালত এই নিষেধাজ্ঞা জারি করলেও একটি শর্ত জুড়ে দিয়েছে যদি এই আদেশের ফলে কোনো বৈধ ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়, তবে বাদীপক্ষকে তার দায়ভার নিতে হবে। এই অন্তর্বর্তী আদেশ কার্যকর থাকবে ১৫ এপ্রিল ২০২৬ পর্যন্ত, পরবর্তী শুনানির তারিখও নির্ধারণ করা হয়েছে ওই দিন।
প্রসঙ্গত, পরিচালক আদিত্য ধরের পরিচালনায় নির্মিত ‘ধুরন্ধর টু’ মুক্তি পাচ্ছে ১৯ মার্চ। সিনেমাতে অভিনয় করেছেন রণবীর সিং, আর মাধবন, অর্জুন রামপাল, সঞ্জয় দত্তসহ আরও অনেকে।
সূত্র: এনডিটিভি

বিনোদন ডেস্ক