ফের একমঞ্চে গাইবেন জেমস-রূপম
আবার এক মঞ্চে পারফর্ম করতে যাচ্ছেন নগর বাউল জেমস ও বাংলা রক ব্যান্ড ফসিলস ব্যান্ডের রূপম ইসলাম। তবে এবার বাংলাদেশ কিংবা ভারতে নয়, তাদের লাইভ পারফরম্যান্স অনুষ্ঠিত হবে ওশেনিয়া অঞ্চলের সবচেয়ে বড় দেশ অস্ট্রেলিয়ায়। সেখানে আগামী সেপ্টেম্বর নিউ সাউথ ওয়েলস রাজ্যে অনুষ্ঠিত হবে জেমস ও রূপমের ‘লাইভ ইন সিডনি’ কনসার্টটি। এর আয়োজন করছে বেঙ্গলি সিনেক্লাব অস্ট্রেলিয়া।
আয়োজকদের কথায়, ‘মাহেন্দ্রক্ষণ’ শব্দটা হয়তো এমন কিছুর জন্যই প্রযোজ্য। বাংলা রক গানের ইতিহাসে এমন কিছু অস্ট্রেলিয়ায় অন্তত আগে কখনও হয়নি! আগামী ১২ সেপ্টেম্বর সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টার মঞ্চে দেখা যাবে বাংলা রকের দুই মহাতারকাকে। দেশের সীমানা ছাড়িয়ে আমাদের সবার প্রিয় হয়ে উঠেছেন নগর বাউল জেমস। যিনি আমাদের বাংলা রক সংগীতের গুরু– সেই জেমসের এবার মঞ্চ শেয়ার করবেন আরেক রকস্টার রূপম ইসলাম। তাদের সঙ্গে থাকবে নিজ নিজ ব্যান্ড নগর বাউল এবং ফসিলস-এর সদস্যরা। তাই এটি শুধুই একটি কনসার্ট নয়; বরং বাংলা রকের সবচেয়ে বড় এবং মর্যাদাপূর্ণ ইভেন্ট হতে চলেছে। যেখানে আমাদের কৈশোর, প্রেম, বিদ্রোহ, সবকিছুর অংশ হয়ে থাকা গানগুলো আবার জীবন্ত হয়ে উঠবে। প্রতিধ্বনিত হবে ‘আমার বাংলা..’। আর এ সুবাদে আমরা সবাই মিলে হব একটি ইতিহাসের অংশ। তাই পুরো আয়োজনটি রকভক্তদের কাছে আজীবন মনে রাখার মতো একটা স্মৃতি রচনা করবে বলেও আশা প্রকাশ করেছেন আয়োজকরা।
অস্ট্রেলিয়া সফর নিয়ে জেমস ও নগর বাউল ব্যান্ডের ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, ‘লাইভ ইন সিডনি’ কনসার্টের বিষয়ে আয়োজকদের সঙ্গে চূড়ান্ত কথা হয়েছে। যদিও কনসার্ট হতে এখন অনেক দেরি, তাই এখনই এ বিষয়ে বেশি কিছু বলার নেই। তবে এটুকু বলা যায়, তারা যেভাবে পরিকল্পনা সাজিয়েছে, তাতে আশা করা হয় বর্ণাঢ্য একটি আয়োজন হবে বলেই আশা করছি আমরা।
শিল্পী রূপম ইসলাম এই মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন তার বই ‘বাঘ ব্রহ্ম খেলা’র প্রচারণা নিয়ে। পাশাপাশি তার ব্যান্ড ফসিলসের বিভিন্ন আয়োজনে অংশ নিতে দেখা যাচ্ছে। এর মাঝেই আলাদাভাবে প্রস্তুতি নিচ্ছে নগর বাউল জেমসের সঙ্গে মঞ্চ শেয়ার করার। সর্বশেষ ভারতে ‘পুজোওয়ালাদের গান’ কনসার্টে তারা এক মঞ্চে পারফর্ম করেছিলেন। সেই সংগীতায়োজন এখনও স্মরণীয় হয়ে আছে সংগীতপ্রেমীদের অনেকের। অস্ট্রেলিয়ার ‘লাইভ ইন সিডনি’ কনসার্টে একই রকম দৃশ্য চোখে পড়বে বলেও আশা প্রকাশ করেছেন এই শিল্পী।
এদিকে জেমস জানিয়েছেন, কনসার্টের বাইরে বেশ কিছু গানের কাজ নিয়ে ব্যস্ত সময় কাটছে তাঁর। সেগুলোর কাজ শেষ হলেই একে একে প্রকাশ করার পরিকল্পনা রয়েছে তাঁর। তবে গান প্রকাশ নিয়ে এখনও নিশ্চিত করে কোনো দিন-তারিখ উল্লেখ করা সম্ভব নয়। আপাতত নতুন গান প্রকাশ না পেলে মঞ্চে জেমসের দেখা মিলছে।
বাংলা নববর্ষে স্কয়ার ও মাছরাঙা টিভি আয়োজিত পাবনা এডওয়ার্ড কলেজ প্রাঙ্গণে ‘বৈশাখী কনসার্ট’-এ পারফর্ম করেন তিনি। এ আয়োজন দর্শক-শ্রোতাদের মাঝে দারুণ সাড়া ফেলেছিল।

বিনোদন ডেস্ক