কাল আমিরের তৃতীয় বিয়ে, থাকবে ১৫০ অতিথি
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। সবকিছু ঠিক থাকলে আগামী ৫ জুলাই তৃতীয়বারের মতো বিয়ের বন্ধনে আবদ্ধ হচ্ছেন বলিউড তারকা আমির খান। তাঁর হবু স্ত্রী গৌরী স্প্র্যাট। প্রায় দুই বছরের সম্পর্কের পর এবার নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন এই জুটি।
ভারতীয় গণমাধ্যমের খবর, মুম্বাইয়ে নিজের বাসভবনেই ছোট পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন আমির। জাঁকজমকপূর্ণ আয়োজনের বদলে ঘনিষ্ঠ স্বজন ও বন্ধুদের উপস্থিতিতেই বিয়ে সারতে চান তিনি। বিয়ে হবে ‘স্পেশাল ম্যারেজ অ্যাক্ট’-এর আওতায়।
জানা গেছে, অনুষ্ঠানে ১০০ থেকে ১৫০ জন অতিথি উপস্থিত থাকবেন। আমিরের পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত থাকবেন তাঁর দুই প্রাক্তন স্ত্রী, তিন সন্তান এবং বোনদের পরিবার। বলিউড থেকে আমন্ত্রণ পেয়েছেন নির্মাতা আশুতোষ গোয়ারিকর ও রাজকুমার সন্তোষী।
তবে শাহরুখ খান ও সালমান খানের উপস্থিতি নিয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, মূল আনুষ্ঠানিকতা শেষে বন্ধুকে শুভেচ্ছা জানাতে উপস্থিত হতে পারেন এই দুই তারকা।
বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর অতিথিদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন থাকবে। হবু দম্পতির পছন্দ অনুযায়ী খাবারের তালিকা সাজানো হলেও মেনু প্রকাশ করা হয়নি।
চলতি বছরের মার্চে ৬০তম জন্মদিন উপলক্ষে প্রথমবারের মতো গৌরী স্প্র্যাটকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন আমির খান। তখনই তাদের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর থেকেই বিয়ের গুঞ্জন শুরু হয়। এবার সেই গুঞ্জনই বাস্তবে রূপ নিতে যাচ্ছে।

বিনোদন ডেস্ক