মানুষের জন্য কাজ করতেই রাজনীতিতে : কোয়েল মল্লিক
টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিকের রাজনীতিতে পথচলা এক নাটকীয় মোড় নিল। তৃণমূল কংগ্রেসের টিকিটে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হওয়ার মাত্র কয়েকমাসের মধ্যেই দলবদল করে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়েছেন তিনি। এবার তাঁকে সেই দলবদলের পুরস্কারস্বরূপ তাঁরই ছেড়ে যাওয়া আসনে রাজ্যসভার উপনির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
গতকাল রবিবার (৪ অক্টোবর) দিল্লির বিজেপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তি জারি করে কোয়েল মল্লিকের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম ‘হিন্দুস্তান টাইমস বাংলা’সহ বিভিন্ন গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আগামী ১৬ অক্টোবর এই শূন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে তৃণমূলের টিকিটে রাজ্যসভার প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার পর মার্চেই সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন কোয়েল। তবে সংসদের কোনো অধিবেশনে যোগ দেওয়ার আগেই গত ১৬ জুলাই তিনি সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। এর আগে দলবদল করা অন্য নেতাদের মতো তাঁকেও একই আসনে প্রার্থী করল গেরুয়া শিবির। বর্তমান বিধানসভার রাজনৈতিক সমীকরণ ও দলের শক্তির নিরিখে এই আসনে কোয়েলের জয় অনেকটাই নিশ্চিত বলে মনে করছে রাজনৈতিক মহল।
দলবদলের পর শুরু হওয়া নানা কটাক্ষ ও ট্রোল নিয়ে অবশ্য একেবারেই মাথা ঘামাতে নারাজ এই অভিনেত্রী। মনোবিজ্ঞানের ছাত্রী কোয়েল শান্তভাবে জানিয়েছেন, অন্যকে আক্রমণ করে যারা আনন্দ পান, তাঁদের প্রতি তাঁর কোনো ক্ষোভ নেই। বাংলার উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করাই তাঁর রাজনীতির মূল লক্ষ্য। টলিউডের গ্ল্যামার দুনিয়া ছেড়ে রাজ্যসভার এই নতুন রাজনৈতিক মঞ্চে তাঁর এই ইনিংস কতটা সফল হয়, এখন সেটাই দেখার বিষয়।

বিনোদন ডেস্ক