ইয়াম্মি স্বাদের স্বাস্থ্যসম্মত টফু অ্যান্ড লেমনগ্রাস
প্রতিদিন একই ধরনের খাবার খেতে আমাদের একঘেয়ে লাগে। তাই রান্নায় নিরীক্ষা জরুরি। অনেকে টফু খেতে ভালোবাসেন। দুধের ছানা দিয়ে তৈরি টফু কম ক্যালোরিযুক্ত খাবার। তবে প্রোটিন ও ফ্যাটে ভরপুর। এ ছাড়া এতে রয়েছে প্রয়োজনীয় ভিটামিন, মিনারেল, ক্যালসিয়াম ও ম্যাঙ্গানিজ। চলুন, জেনে নিই বাসায় সহজে কীভাবে ইয়াম্মি স্বাদের টফু অ্যান্ড লেমনগ্রাস রান্না করবেন।
এনটিভির রান্নাবিষয়ক অনুষ্ঠান আজকের রেসিপির একটি পর্বে টফু অ্যান্ড লেমনগ্রাসের রেসিপি দেওয়া হয়েছে। আসুন, আমরা জেনে নিই বাসায় সহজে টফু অ্যান্ড লেমনগ্রাস তৈরির পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে—
উপকরণ
১. ১/৪ কাপ অলিভ অয়েল
২. এক টেবিল চামচ রসুনকুচি
৩. এক টেবিল চামচ লেমনগ্রাসের কুচি
৪. এক কাপ সেদ্ধ চাল
৫. এক কাপ আঙুরের জুস
৬. পরিমাণমতো লবণ
৭. আধা চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো
৮. এক কাপ ভেজিটেবল স্টক
৯. এক টেবিল চামচ সিজলিং সস
১০. এক কাপ চিজ
১১. এক কাপ মাশরুম
১২. আধা কাপ টফু
১৩. এক টেবিল চামচ বাটার
১৪. পরিমাণমতো বেসিল লিফ
প্রস্তুত প্রণালি
প্রথমে সসপ্যানে অলিভ অয়েল নিন। অলিভ অয়েল গরম হয়ে এলে রসুনকুচি, লেমন গ্রাস কুচি দিয়ে ভালোভাবে ভাজুন। ভাজা হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ চাল দিয়ে নাড়ুন। এখন এর মধ্যে আঙুরের জুস, লবণ, সাদা গোলমরিচের গুঁড়ো, ভেজিটেবল স্টক, সিজলিং সস, চিজ, মাশরুম, টফু, বাটার ও ফ্রেশ বেসিল লিফ দিয়ে ঢেকে রান্না করুন।
রান্না হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন মজাদার টফু অ্যান্ড লেমনগ্রাস। এ রেসিপিটি সহজে প্রস্তুত করতে ও রন্ধন প্রণালি সম্পর্কে জানতে উপর্যুক্ত ভিডিওটিতে ক্লিক করুন।

ফিচার ডেস্ক