চিকেন কিমা দিয়ে সুস্বাদু নুডলস বল
প্রায় সবার ঘরেই মুরগির মাংস থাকে। বিকেলে বা সন্ধ্যায় নুডলস বল খেতে মন চাইছে আর তার জন্য রেস্তোরাঁয় দৌড়াতে হবে? না, ঘরে খুব সহজে তৈরি করতে পারেন নুডলস বল। এর চেয়ে সহজ রেসিপি আর হয় না।
এনটিভির রান্নাবিষয়ক অনুষ্ঠান আজকের রেসিপির একটি পর্বে নুডলস বলের রেসিপি দেওয়া হয়েছে। আসুন, আমরা জেনে নিই বাসায় সহজে নুডলস বল রান্নার পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে—
উপকরণ
১. পরিমাণমতো তেল
২. এক কাপ চিকেন কিমা
৩. এক কাপ পেঁয়াজকুচি
৪. এক টেবিল চামচ কাঁচামরিচ
৫. সামান্য ধনেপাতাকুচি
৬. আধা চা চামচ গোলমরিচের গুঁড়ো
৭. স্বাদমতো লবণ
৮. এক কাপ নুডলস
৯. দুটি ডিম
১০. পরিমাণমতো কর্নফ্লাওয়ার
১১. পরিমাণমতো পাউরুটি
প্রস্তুত প্রণালি
প্রথমে সসপ্যানে তেল দিন। একটি বাটিতে চিকেন কিমা, পেঁয়াজকুচি, কাঁচামরিচ, ধনেপাতাকুচি, গোলমরিচের গুঁড়ো, লবণ, নুডলস ও ডিম দিয়ে অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। এর পর বড়া আকারে তৈরি করে গরম তেলে ছেড়ে ভেজে নিন।
এর পর ভাজা বল পাউরুটি দিয়ে জড়িয়ে ডিমের মধ্যে চুবিয়ে আবারও তেলে ছেড়ে ভাজুন। ভাজা হয়ে গেলে পরিবেশন করুন সুস্বাদু নুডলস বল। এ রেসিপিটি সহজে প্রস্তুত করতে ও রন্ধন প্রণালি সম্পর্কে জানতে উপর্যুক্ত ভিডিওটিতে ক্লিক করুন।

ফিচার ডেস্ক