চিজ ও চিকেন কিমা দিয়ে মজাদার বেকড পাস্তা
প্রায় সবার ঘরেই মুরগির মাংস থাকে। বিকেলে বা সন্ধ্যায় পাস্তা খেতে মন চাইছে আর তার জন্য রেস্তোরাঁয় দৌড়াতে হবে? না, ঘরে খুব সহজে তৈরি করতে পারেন মজাদার বেকড পাস্তা। হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আপনি সহজেই বেকড পাস্তা তৈরি করতে পারেন।
এনটিভির রান্নাবিষয়ক অনুষ্ঠান আজকের রেসিপির একটি পর্বে বেকড পাস্তার রেসিপি দেওয়া হয়েছে। আসুন, আমরা জেনে নিই বাসায় সহজে বেকড পাস্তা তৈরির পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে—
উপকরণ
১. পরিমাণমতো পানি
২. দুটি রুটি
৩. দুই টেবিল চামচ সরিষার তেল
৪. এক চা চামচ রসুনকুচি
৫. দুই টেবিল চামচ পেঁয়াজকুচি
৬. এক চা চামচ কাঁচামরিচকুচি
৭. এক কাপ মুরগির মাংসের কিমা
৮. স্বাদমতো লবণ
৯. আধা টেবিল চামচ ফিশ সস
১০. আধা কাপ চিজ
১১. এক কাপ ছানা
১২. এক কাপ টমেটো পিউরি
১৩. দুই টেবিল চামচ টমেটো কেচাপ
১৪. এক চা চামচ মোজারেলা চিজ
প্রস্তুত প্রণালি
প্রথমে সসপ্যানে পানি দিন। এর মধ্যে রুটি দিয়ে সেদ্ধ করে নিন। ফ্রাইপ্যানে তেল দিন। এর মধ্যে রসুনকুচি দিয়ে ভাজুন। এর পর এতে পেঁয়াজকুচি, কাঁচামরিচকুচি, চিকেন কিমা, লবণ, ফিশ সস, চিজ, ছানা, টমেটো পিউরি ও টমেটো কেচাপ দিয়ে রান্না করুন।
রান্না হয়ে গেলে রুটির উপর ঢেলে দিন। এর মধ্যে কাঁচামরিচকুচি, মোজারেলা চিজ, সরিষার তেল দিন। এর উপর আবার রুটি, ফিলিং, কাঁচামরিচকুচি, মোজারেলা চিজ, সরিষার তেল দিয়ে ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেক করুন। এবার পরিবেশন করুন বেকড পাস্তা। এ রেসিপিটি সহজে প্রস্তুত করতে ও রন্ধন প্রণালি সম্পর্কে জানতে উপর্যুক্ত ভিডিওটিতে ক্লিক করুন।

ফিচার ডেস্ক