জিভে জল আনা গোটা রসুনে গরুর মাংস
গরুর মাংস খেতে অনেকে পছন্দ করেন। এটি সুস্বাদু ও মুখরোচক। অনেকে অবশ্য ডাক্তারের নিষেধের কারণে খেতে পারেন না। গরুর মাংসপ্রিয় ভোজনরসিকদের জন্য আমাদের আজকের রেসিপি গোটা রসুনে গরুর মাংস। খেলে মুখে লেগে থাকবে।
এনটিভির রান্নাবিষয়ক অনুষ্ঠান পান্ডা মার্ট আজকের রেসিপির একটি পর্বে গোটা রসুনে গরুর মাংসের রেসিপি দেওয়া হয়েছে। রেসিপিটি তৈরি করেছেন রন্ধনশিল্পী এ্যানি রেশমা। অতিথি ছিলেন সংগীতশিল্পী ঝিলিক। অনেকের মতো এটি তাঁর পছন্দের খাবার।
আসুন, আমরা জেনে নিই বাসায় সহজে গোটা রসুনে গরুর মাংস রান্নার পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে—
উপকরণ
১. এক কেজি গরুর মাংস
২. আড়াই টেবিল চামচ রসুন বাটা
৩. তিন টেবিল চামচ আদা বাটা
৪. তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা
৫. আধা কাপ টক দই
৬. এক চা চামচ হলুদের গুঁড়ো
৭. স্বাদমতো মরিচের গুঁড়ো
৮. দুই চা চামচ গরম মসলার গুঁড়ো
৯. দুই চা চামচ ধনিয়া গুঁড়ো
১০. এক চা চামচ জিরার গুঁড়ো
১১. স্বাদমতো লবণ
১২. পরিমাণমতো সরিষার তেল
১৩. চার-পাঁচটি দারুচিনি
১৪. চার-পাঁচটি লবঙ্গ
১৫. পাঁচ-ছয়টি এলাচ
১৬. দু-তিনটি তেজপাতা
১৭. আধা কাপ পেঁয়াজ কুচি
১৮. আধা চা চামচ জায়ফল গুঁড়ো
১৯. পরিমাণমতো পানি
২০. পাঁচ-ছয়টি আস্ত রসুন
প্রস্তুত প্রণালি
প্রথমে একটি পাত্রে গরুর মাংস নিন। এতে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, টক দই, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, গরম মসলার গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো ও লবণ দিয়ে ভালোভাবে মেরিনেট করুন।
সসপ্যানে তেল দিন। তাতে দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা ও পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিন। এবার পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, গরম মসলার গুঁড়ো, জায়ফল গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, পানি, মরিচের গুঁড়ো, মসলায় মাখানো মাংস ও হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। কষানো হলে গরম পানি ও আস্ত রসুন দিয়ে ঢেকে রান্না করুন।
সবশেষে সরিষার তেল দিয়ে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের গোটা রসুনে গরুর মাংস। এ রেসিপিটি সহজে প্রস্তুত করতে ও রন্ধন প্রণালি সম্পর্কে জানতে উপর্যুক্ত ভিডিওটিতে ক্লিক করুন।

ফিচার ডেস্ক