দুধের স্বাদে থাই টফু অ্যান্ড অরেঞ্জ সালাদ
সালাদ স্বাস্থ্যের পক্ষে উপকারী। কেননা এতে থাকে নানা রকম সবজি ও ফলের মিশ্রণ। আজ আমরা জানাব, কীভাবে বাসায় সহজে ভিন্ন স্বাদের থাই টফু অ্যান্ড অরেঞ্জ সালাদ তৈরি করবেন।
এনটিভির রান্নাবিষয়ক অনুষ্ঠান আজকের রেসিপির একটি পর্বে থাই টফু অ্যান্ড অরেঞ্জ সালাদের রেসিপি দেওয়া হয়েছে। আসুন, আমরা জেনে নিই বাসায় সহজে থাই টফু অ্যান্ড অরেঞ্জ সালাদ তৈরির পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে—
উপকরণ
১. আধা কাপ দুধ
২. স্বাদমতো লবণ
৩. আধা কাপ সয়া সস
৪. এক টেবিল চামচ আখের গুড়
৫. এক চা চামচ কাঁচামরিচকুচি
৬. এক টেবিল চামচ ধনেপাতাকুচি
৭. এক চা চামচ লেটুস পাতাকুচি
৮. এক টেবিল চামচ অরেঞ্জ জুস
৯. এক টেবিল চামচ পেস্তা বাদামকুচি
১০. এক টেবিল চামচ চেরিকুচি
১১. আধা কাপ টমেটোকুচি
১২. এক কাপ কমলালেবু
১৩. এক কাপ পাকা পেঁপে
১৪. এক টেবিল চামচ পুদিনা পাতা
১৫. আধা কাপ টফু
প্রস্তুত প্রণালি
ফ্রাইপ্যানে দুধ, লবণ, সয়া সস, আখের গুড়, কাঁচামরিচকুচি, ধনেপাতাকুচি ও লেটুস পাতাকুচি দিয়ে সস বানিয়ে নিন। এর পর চুলা বন্ধ করে অরেঞ্জ জুস দিয়ে ঠাণ্ডা করে নিন। তার পর একটি বাটিতে লবণ, কাঁচামরিচকুচি, পেস্তা বাদামকুচি, চেরিকুচি, টমেটোকুচি, কমলালেবু, পাকা পেঁপে, ধনেপাতাকুচি, পুদিনা পাতা, টফু ও সস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।
মেশানো হয়ে গেলে পরিবেশন করুন সুস্বাদু থাই টফু অ্যান্ড অরেঞ্জ সালাদ। এ রেসিপিটি সহজে প্রস্তুত করতে ও রন্ধন প্রণালি সম্পর্কে জানতে উপর্যুক্ত ভিডিওটিতে ক্লিক করুন।

ফিচার ডেস্ক