বাচ্চাদের প্রিয় বার্গার
বিকেল বা সন্ধ্যায় আমাদের অনেকের মুখরোচক খাবার খেতে ভালো লাগে। হোটেল বা রেস্তোরাঁয় না গিয়ে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আপনি সহজে তৈরি করতে পারেন ইয়াম্মি সব রেসিপি। আজ আমরা জানাব, কীভাবে বাসায় সহজে বার্গার তৈরি করবেন।
এনটিভির রান্নাবিষয়ক অনুষ্ঠান টেল প্লাস্টিকস রান্নাঘর-এর একটি পর্বে বার্গারের রেসিপি দেওয়া হয়েছে। রেসিপিটি তৈরি করেছেন রন্ধনশিল্পী রাহিমা সুলতানা রীতা। খাবারের পুষ্টিগুণ বর্ণনা করেছেন পুষ্টিবিদ তাসনীম আশিক। আসুন, আমরা জেনে নিই বাসায় সহজে বার্গার তৈরির পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে—
উপকরণ
১. ৫০০ গ্রাম গরুর মাংস
২. এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো
৩. দুই টেবিল চামচ পেঁয়াজ কিমা
৪. দুই চা চামচ পুদিনা পাতা কুচি
৫. তিন টেবিল চামচ আদা বাটা
৬. দুই টেবিল চামচ রসুন বাটা
৭. এক টেবিল চামচ গরম মসলার গুঁড়ো
৮. একটি ডিম
৯. দুই টেবিল চামচ ময়দা
১০. পরিমাণমতো ঘি
১১. তিন টেবিল চামচ মেয়নেজ
১২. তিন চা চামচ সরিষা বাটা
১৩. দুটি লেটুস পাতা
১৪. দুই চা চামচ টমেটো কুচি
১৫. দুটি বানরুটি
প্রস্তুত প্রণালি
প্রথমে একটি পাত্রে গরুর মাংস কিমা, গোলমরিচের গুঁড়ো, পেঁয়াজ কিমা, পুদিনা পাতা কুচি, আদা-রসুন বাটা, গরম মসলার গুঁড়ো, ডিম ও ময়দা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। ফ্রাইপ্যানে ঘি দিন। এবার মসলায় মাখানো মাংস কিমা স্টেক করে গরম ঘিয়ে ছেড়ে ভেজে নামিয়ে নিন।
এবার বানরুটি কেটে ফ্রাইপ্যানে হালকা সেঁকে নামিয়ে নিন। বানরুটির মাঝে মেয়নেজ ও সরিষা বাটা লাগিয়ে লেটুস পাতা, টমেটো ফালি, ভাজা স্টেক, টমেটো কেচাপ ও রুটির বাকি অংশ দিয়ে ফয়েল পেপারে মুড়িয়ে কেটে পরিবেশন করুন মজাদার বার্গার।
এ রেসিপিটি সহজে প্রস্তুত করতে ও রন্ধন প্রণালি সম্পর্কে জানতে উপর্যুক্ত ভিডিওটিতে ক্লিক করুন। সেই সঙ্গে দেখে নিন আলুর চাটের রেসিপি।

ফিচার ডেস্ক