বাটা মসলায় সুস্বাদু গরুর মাংসের চাপ
গরুর মাংস খেতে অনেকে পছন্দ করেন। এটি সুস্বাদু ও মুখরোচক। বিকেল বা সন্ধ্যায় অনেকে গরুর মাংসের চাপ খেতে ভালোবাসেন। তাঁদের জন্য আমাদের আজকের রেসিপি গরুর মাংসের চাপ। লুচি ও পরোটা দিয়ে অনেকে চাপ খেতে পছন্দ করেন।
এনটিভির রান্নাবিষয়ক অনুষ্ঠান আজকের রেসিপির একটি পর্বে গরুর মাংসের চাপের রেসিপি দেওয়া হয়েছে। আসুন, আমরা জেনে নিই বাসায় সহজে মুখরোচক গরুর মাংসের চাপ তৈরির পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে—
উপকরণ
১. দুই টেবিল চামচ সরিষার তেল
২. আধা কাপ পেঁয়াজকুচি
৩. এক চা চামচ আদা বাটা
৪. আধা চা চামচ পেঁয়াজ বাটা
৫. এক চা চামচ রসুন বাটা
৬. আধা চা চামচ জিরার গুঁড়ো
৭. আধা চা চামচ গরম মসলার গুঁড়ো
৮. পরিমাণমতো পানি
৯. আধা চা চামচ কাঁচামরিচ বাটা
১০. আধা চা চামচ গোলমরিচের গুঁড়ো
১১. স্বাদমতো লবণ
১২. আধা কাপ পেঁয়াজ বেরেস্তা
১৩. দুই টেবিল চামচ টক দই
১৪. দুই টেবিল চামচ মিষ্টি দই
১৫. দুই টেবিল চামচ ঘি
১৬. দুই টেবিল চামচ টমেটো কেচাপ
১৭. পরিমাণমতো গরুর মাংসের চাপ
১৮. দুই টেবিল চামচ মাওয়া
১৯. এক টেবিল চামচ লেবুর রস
প্রস্তুত প্রণালি
প্রথমে ফ্রাইপ্যানে তেল দিন। এর মধ্যে পেঁয়াজকুচি দিয়ে হালকা করে ভাজুন। এর পর এর মধ্যে আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরার গুঁড়ো, গরম মসলার গুঁেড়া, পানি, কাঁচামরিচ বাটা, গোলমরিচের গুঁড়ো, লবণ, পেঁয়াজ বেরেস্তা, টক দই, মিষ্টি দই, ঘি, টমেটো কেচাপ, গরুর মাংসের চাপ ও মাওয়া দিয়ে অল্প আঁচে ১০ মিনিট ঢেকে রান্না করুন।
এর পর এর মধ্যে লেবুর রস দিয়ে নামিয়ে পরিবেশন করুন মজাদার গরুর মাংসের চাপ। এ রেসিপিটি সহজে প্রস্তুত করতে ও রন্ধন প্রণালি সম্পর্কে জানতে উপর্যুক্ত ভিডিওটিতে ক্লিক করুন।

ফিচার ডেস্ক