মডেল-অভিনেত্রী নোভার পছন্দের সরষে ইলিশ
ইলিশকে মাছের রাজা বলা হয়। এর স্বাদ ও গন্ধ অতুলনীয়। তাই তো যুগ যুগ ধরে বাঙালির রসনাতৃপ্তি মেটাচ্ছে ইলিশের নানান পদ। আজ আমরা জানাব, কীভাবে বাসায় সহজে সরষে ইলিশ রান্না করবেন।
এনটিভির রান্নাবিষয়ক অনুষ্ঠান পান্ডা মার্ট আজকের রেসিপির একটি পর্বে সরষে ইলিশের রেসিপি দেওয়া হয়েছে। রেসিপিটি তৈরি করেছেন রন্ধনশিল্পী এ্যানি রেশমা। অতিথি ছিলেন মডেল ও অভিনেত্রী নোভা ফিরোজ। অনেকের মতো এটি তাঁরও পছন্দের খাবার। আসুন, আমরা জেনে নিই বাসায় সহজে সরষে ইলিশ রান্নার পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে—
উপকরণ
১. চার টুকরো ইলিশ মাছ
২. পরিমাণমতো হলুদের গুঁড়ো
৩. আধা চা চামচ মরিচের গুঁড়ো
৪. স্বাদমতো লবণ
৫. পরিমাণমতো সরষে বাটা
৬. পরিমাণমতো বাটা পেঁয়াজের রস
৭. দুই চা চামচ পেঁয়াজ কুচি
৮. এক চা চামচ পেঁয়াজ বাটা
৯. পরিমাণমতো সরিষার তেল
১০. পরিমাণমতো পানি
১১. স্বাদমতো কাঁচামরিচ কুচি
প্রস্তুত প্রণালি
প্রথমে একটি পাত্রে ইলিশ মাছ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, সরিষা বাটা ও পেঁয়াজের রস দিয়ে ভালোভাবে মিশিয়ে মেরিনেট করে নিন। এবার ফ্রাইপ্যানে তেল দিন। তাতে পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, পানি, সরিষা বাটা ও লবণ দিয়ে কষিয়ে নিন।
কষানো হয়ে গেলে মেরিনেট করা ইলিশ মাছ দিয়ে ঢেকে রান্না করুন। সবশেষে কাঁচামরিচ কুচি দিয়ে নামিয়ে পরিবেশন করুন মজাদার সরষে ইলিশ। এ রেসিপিটি সহজে প্রস্তুত করতে ও রন্ধন প্রণালি সম্পর্কে জানতে উপর্যুক্ত ভিডিওটিতে ক্লিক করুন।

ফিচার ডেস্ক