তিন অধিনায়কের ভাবনায় বাংলাদেশের শততম টেস্ট
২০০০ সালের নভেম্বরে অভিষেক টেস্ট খেলেছিল বাংলাদেশ। অনেক চড়াই-উৎরাই পেরিয়ে, দীর্ঘ ১৬ বছর পর শততম টেস্টের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। আগামীকাল বুধবার বাংলাদেশের এই মাইলফলক ছোঁয়ার ম্যাচ।
কলম্বোর পি সারা ওভালে ঐতিহাসিক এই টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। বাংলাদেশের শততম টেস্ট নিয়ে কী ভাবছেন সাবেক অধিনায়করা, তা সবিস্তারে তুলে ধারা হলো এনটিভি অনলাইনের পাঠকদের জন্য।
নাইমুর রহমান দুর্জয় (অভিষেক টেস্টের অধিনায়ক)
১৬-১৭ বছরের ক্যারিয়ারে একজন ক্রিকেটারেরই ১০০ টেস্ট হয়ে যাওয়ার কথা। কিন্তু আমরা দেশ হিসেবে শততম টেস্ট খেলছি ১৭তম বছরে এসে। আমার মনে হয় তা কিছুটা দেরিই হয়েছে। তবে আমাদের ঘুরে দাঁড়ানোর জন্য একটা ভালো মঞ্চ হতে পারে এই ম্যাচ। তা ছাড়া দীর্ঘ পরিসরের ক্রিকেটের দিকে আমাদের আরো বেশি নজর দিতে হবে। কারণ টেস্ট ভালো খেললে স্বাভাবিকভাবে অন্য ফরমেটে আমরা ভালো খেলতে পারব।
হাবিবুল বাশার (সাবেক অধিনায়ক)
এই দীর্ঘ সময়ে আমরা হয়তো অতটা সাফল্য পাইনি, যতটা পাওয়া উচিত ছিল এই ৯৯টা টেস্ট ম্যাচ খেলে। তবে আমাদের বুঝতে হবে আমরা যখন টেস্ট স্ট্যাটাস পেয়েছি, তখন আমরা একেবারেই শূন্য থেকে শুরু করেছিলাম। তবে কিছুদিন আগে আমরা ইংল্যান্ডের বিপক্ষে একটা অসাধারণ টেস্ট ম্যাচ খেলেছিলাম। জিতেও ছিলাম। যেটা আমাদের ক্রিকেটকে অনেক এগিয়ে দিয়েছে। এই পি সারা ওভালে আবার তেমন করে শুরু করতে পারি। কারণ একটা টেস্ট ম্যাচ জয় দেশকে অনেক এগিয়ে দিতে পারে।
মোহাম্মদ আশরাফুল (সাবেক অধিনায়ক)
আমাদের মনে রাখতে হবে, হিসাব করলে এই ১৭ বছরের মধ্যে আমরা চার-পাঁচ বছর টেস্ট ম্যাচ খেলিইনি, এই জায়গাতে আমাদের আবার নতুন করে শুরু করতে হয়েছে। আমরা যদি প্রতিবছর চার-পাঁচটা করে টেস্ট ম্যাচ খেলতে পারতাম, তখন আমাদের উন্নতির গ্রাফটা আরো দ্রুত হতো।

ক্রীড়া প্রতিবেদক