কষ্টের জয়ে কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা
রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জয়ের রেশ কাটতে না কাটতেই আবারও মাঠে নেমেছিল বার্সেলোনা। তবে কোপা দেল রের শেষ ষোলোর লড়াইয়ে দ্বিতীয় স্তরের দল রেসিং সান্তান্দেরের বিপক্ষে জয় পেতে বেশ ঘাম ঝরাতে হয়েছে হান্সি ফ্লিকের শিষ্যদের।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিনগত রাতে কোপা দেল রের ম্যাচে রেসিং সান্তান্দেরের মাঠে তাদের ২-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। এ জয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পা রেখেছে কাতালানরা।
ম্যাচের শুরুতেই ঘটে নাটকীয়তা। নিরাপত্তার কারণে খেলা শুরু হয় ১৫ মিনিট দেরিতে। ম্যাচের শুরুতে সুপার কাপ জয়ী বার্সার ফুটবলারদের ‘গার্ড অব অনার’ দিয়ে সম্মান জানায় স্বাগতিকরা।
পুরো ম্যাচে ৭৭ শতাংশ সময় বল দখলে রাখলেও প্রথমার্ধে রেসিংয়ের জমাট রক্ষণ ভাঙতে পারেননি ইয়ামাল-রাশফোর্ডরা। বরং বিরতির আগে দুবার বার্সার রক্ষণভাগে ভীতি ছড়িয়েছিল রেসিং।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় বার্সেলোনা। ম্যাচের ৬৬তম মিনিটে ডেডলক ভাঙেন ফেররান তরেস। ফের্মিন লোপেসের চমৎকার পাস ধরে প্রতিপক্ষের ডিফেন্ডারকে ছিটকে দিয়ে বক্সে ঢোকেন তিনি। এরপর ঠান্ডা মাথায় গোলরক্ষককে পরাস্ত করে বল জালে পাঠান এই স্প্যানিশ ফরোয়ার্ড।
গোল হজম করার পর মরিয়া হয়ে ওঠে রেসিং। দুবার তারা বার্সার জালে বলও পাঠিয়েছিল। তবে দুটি গোলই বাদ হয়ে যায় অফসাইডের কারণে।
ম্যাচের একদম শেষ মুহূর্তে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পেয়েছিল স্বাগতিকরা। তবে ওয়ান-অন-ওয়ান পজিশনে মানেক্স লোসানোর শট দুর্দান্তভাবে রুখে দিয়ে বার্সেলোনার ত্রাতা হয়ে দাঁড়ান গোলরক্ষক হোয়ান গার্সিয়া।
এরপর যোগ করা সময়ের শেষ মিনিটে প্রতি-আক্রমণ থেকে জয় নিশ্চিত করেন লামিনে ইয়ামাল। রাফিনিয়ার সঙ্গে ওয়ান-টু-ওয়ান খেলে কাছ থেকে লক্ষ্যভেদ করেন এই স্প্যানিশ বিস্ময়বালক।
এই জয়ের মাধ্যমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১০ ম্যাচে জয়ের রেকর্ড গড়ল বার্সেলোনা। বার্সার পরবর্তী ম্যাচ আগামী রোববার লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে।

স্পোর্টস ডেস্ক