সিঙ্গাপুরের বিপক্ষে দুই পরিবর্তন নিয়ে মাঠে বাংলাদেশ
এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে আজ সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচের জন্য শুরুর একাদশ ঘোষণা করেছেন বাংলাদেশের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। সর্বশেষ ম্যাচের শুরুর একাদশ থেকে দুই পরিবর্তন এনেছেন বাংলাদেশ কোচ।
মার্চ উইন্ডোতে কয়েকদিন আগে ভিয়েতনামের বিপক্ষে খেলা প্রীতি ম্যাচে গোলবারের নিচে মেহেদী হাসান শ্রাবণের ওপর ভরসা রেখেছিলেন কাবরেরা। তবে সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে আবারও মিতুল মারমাকে ফিরিয়ে এনেছেন গোলবারের নিচে।
সিঙ্গাপুরের বিপক্ষে শুরুর একাদশে রক্ষণ সামলাতে কাবরেরা দায়িত্ব দিয়েছেন পাঁচজনকে। দলের সেরা তারকা হামজা চৌধুরীর সঙ্গে রয়েছেন শাকিল আহাদ তপু, তারিক কাজী, জায়ান আহমেদ ও সাদ উদ্দিন।
মিডফিল্ডে আগের ম্যাচ থেকে একটি পরিবর্তন এনেছেন বাংলাদেশের কোচ। মিরাজুল ইসলামের পরিবর্তে একাদশে ফিরেছেন শেখ মোরসালিন। মধ্যমাঠের বাকিরা হলেন- ফাহমিদুল ইসলাম, সোহেল রানা, সামিত সোম। আক্রমণভাগে ফয়সাল আহমেদ ফাহিম।
বাংলাদেশের একাদশ
মিতুল মারমা, হামজা চৌধুরী, শাকিল আহাদ তপু, তারিক কাজী, জায়ান আহমেদ, সাদ উদ্দিন, শেখ মোরসালিন, ফাহামিদুল ইসলাম, সোহেল রানা, সামিত সোম, ফয়সাল আহমেদ ফাহিম।

স্পোর্টস ডেস্ক