ব্রাজিলকে নিয়ে ভাবছে না ছন্দে থাকা নরওয়ে
একদল নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো নকআউটে জয় পেয়েছে। আরেকদল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন। কঠিন লড়াই কীভাবে জিততে হয়, ভালো করে জানা তাদের। তবু, বিশ্বকাপের নকআউট পর্বে কোনো লড়াইকে হালকাভাবে দেখার সুযোগ নেই। সেটি মাথায় নিয়েই আজ রাতে শেষ ষোলোতে মুখোমুখি হতে চলেছে ব্রাজিল-নরওয়ে।
প্রতিপক্ষ ব্রাজিল হলেও মাঠে নামার আগে বেশ আত্মবিশ্বাসী শোনাল সলবাক্কেনকে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমার মনে হয় না ব্রাজিল খুব বড় মাপের দল কিংবা বিশাল ফেভারিট, যেমনটা তারা কয়েক বছর আগেও ছিল। আমরা লম্বা সময় ধরে বেশ ভালো ছন্দে আছি। দলের সবার আত্মবিশ্বাস এখন তুঙ্গে, খেলার নিজস্ব একটা ধরনও দাঁড়িয়ে গেছে। এই ইতিবাচক দিকগুলো আমাদের ম্যাচে দারুণ সাহায্য করবে।’
নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই ম্যাচে ইতিহাসের দিক থেকে এগিয়ে ব্রাজিল। শেষ ষোলোতে নিজেদের শেষ ১০ ম্যাচের মধ্যে ৯টিতেই জয় পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামছে নরওয়ে, যারা আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম নকআউট জয় পেয়েছে।
দলের আক্রমণের মূল ভরসা আর্লিং হালান্ড। ইতোমধ্যে টুর্নামেন্টে ৫ গোল করেছেন এই তারকা ফরোয়ার্ড। টানা ম্যাচে গোল করার ধারাবাহিকতাও ধরে রেখেছেন তিনি, যা নরওয়ের জন্য বড় আশার জায়গা।
সলবাক্কেন বলেন, ‘দল হিসেবে খেলাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ম্যাচের গুরুত্ব বা প্রতিপক্ষের নাম দেখে খেলার ধরণ বদলালে চলবে না। নিজেদের পরিকল্পনা ঠিক রেখে খেলতে পারলেই ইতিবাচক ফল পাওয়া সম্ভব।’

স্পোর্টস ডেস্ক