অ্যান্টিবায়োটিকের অধিক ব্যবহারে মৃত্যু বাড়বে : ডব্লিউএইচও
বৈশ্বিক মহামারি কোভিড-১৯ মোকাবিলায় অ্যান্টিবায়োটিকের অধিক ব্যবহার ব্যাকটেরিয়ার প্রতিরোধ ক্ষমতাকে জোরদার করবে। এ কারণে চলমান সংকট এবং সংকটোত্তরকালেও অধিক হারে মানুষ মারা যাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাসচিব টেড্রস আধানম গ্যাব্রিয়েসুস গতকাল সোমবার জেনেভা সদর দপ্তরে ভার্চুয়াল প্রেস কনফারেন্সে বলেছেন, কোভিড-১৯-এর কারণে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বেড়ে গেছে। অ্যান্টিবায়োটিকের অধিক ব্যবহারের কারণে ব্যাকটেরিয়ার প্রতিরোধ ক্ষমতার হারও বাড়বে। এর ফলে মহামারি ও মহামারির পরেও মৃত্যুহার বেড়ে যাবে। বার্তা সংস্থা বাসস এ খবর জানিয়েছে।
ডব্লিউএইচও বলছে, ব্যাকটেরিয়ার সংক্রমণের হুমকি মোকাবিলায় মাত্র কিছু সংখ্যক কোভিড-১৯ রোগীর অ্যান্টিবায়োটিক প্রয়োজন। সংস্থাটি চিকিৎসকদের জন্য ইস্যু করা দিকনির্দেশনায় যেসব মানুষের কোভিড-১৯-এর মৃদু উপসর্গ কিংবা অল্প অসুস্থতা রয়েছে, তাদের অ্যান্টিবায়োটিক না দেওয়ার কথাই বলেছে।
টেড্রস আধানম বলেন, নির্দেশনায় জীবন রক্ষায় জীবাণুর প্রতিরোধ ক্ষমতা ঠেকানোর কাজে সহায়তার কথা বলা হয়েছে। তিনি জীবাণুর প্রতিরোধ ক্ষমতাকে এ সময়ের সবচেয়ে জরুরি চ্যালেঞ্জ হিসেবে বর্ণনা করেন।
টেড্রস অ্যান্টিবায়োটিক সঠিকভাবে ব্যবহার না করার বিষটি তুলে ধরে বলেন, কিছু কিছু দেশে এটি বেশি বেশি ব্যবহৃত হচ্ছে। বিশেষ করে নিম্ন আয়ের দেশ, যেখানে জীবন রক্ষাকারী ওষুধ সহজলভ্য নয়। আর অ্যান্টিবায়োটিকের অতিব্যবহার অপ্রয়োজনীয় দুর্ভোগ এবং মৃত্যুহারও বাড়াচ্ছে।
এদিকে, গত ডিসেম্বরে করোনার প্রাদুর্ভাবের পর ছোঁয়াচে নয় এমন রোগের প্রতিরোধ ও চিকিৎসা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সংস্থাটি উল্লেখ করেছে। তারা বলছে, গত মে মাসের তিন সপ্তাহের জরিপে দেখা গেছে নিম্ন আয়ের দেশগুলোতে হাইপারটেনশন, ডায়াবেটিস, ক্যানসার ও হৃদরোগীদের চিকিৎসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এদিকে করোনার প্রাদুর্ভাবের বিষয়ে গণজমায়েতের বিরুদ্ধেও হুঁশিয়ারি উচ্চারণ করেছে সংস্থাটি।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড একজন শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তার হাতে প্রাণ হারান। এ ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র এখন উত্তাল। বিক্ষোভে অংশ নেওয়া শত শত লোকের কারণে ভাইরাসটির সংক্রমণ দ্রুত ছড়াবে বলেও আশঙ্কা করেছেন টেড্রস আধানম।

অনলাইন ডেস্ক