ইরান সোলেইমানি হত্যার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করলে ‘জবাব’ দেবে যুক্তরাষ্ট্র
ইরান তার দেশের ক্ষমতাধর জেনারেল কাশেম সোলেইমানি হত্যার প্রথম বার্ষিকী পালন উপলক্ষে প্রতিশোধ নিতে হামলা চালালে ওয়াশিংটন তা মোকাবিলায় প্রস্তুত রয়েছে।
মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর প্রধান রোববার এমন হুঁশিয়ারি বার্তা উচ্চারণ করেছেন। খবর এএফপির।
জেনারেল কানেথ ম্যাকেঞ্জি সাংবাদিকদের বলেন, ‘আমরা এ অঞ্চলে নিজেদের, আমাদের বন্ধু ও অংশীদারদের রক্ষায় এবং প্রয়োজন হলে যেকোনো হামলার জবাব দিতেও প্রস্তুত রয়েছি।’ ম্যাকেঞ্জি মার্কিন কেন্দ্রীয় কমান্ডেরও প্রধানের (সেন্টকম) দায়িত্ব পালন করছেন।
২০২০ সালের ৩ জানুয়ারি বাগদাদ বিমানবন্দরের কাছে এক মার্কিন ড্রোন হামলায় নিহত সোলেইমানির মৃত্যুবার্ষিকীর কয়েক সপ্তাহ আগে তিনি এ অঞ্চল সফর করেন।
চার তারকা বিশিষ্ট জেনারেল ম্যাকেঞ্জি এ অঞ্চলের অজ্ঞাত স্থান থেকে টেলিফোনে সাংবাদিকদের একটি ছোট গ্রুপকে সাক্ষাৎকার দিতে গিয়ে আরো বলেন, ‘আমার ধারণা হচ্ছে আমরা অত্যন্ত ভালো অবস্থানে রয়েছি এবং আমরা ইরানের যেকোনো প্রতিশোধমূলক হামলার জবাব দিতে প্রস্তুত থাকব।’
সেন্টকম কমান্ডার জানান, তিনি সম্প্রতি বাগদাদ সফর করেন। সেখানে তিনি জিহাদি বিরোধী জোটের প্রধান আমেরিকান জেনারেল পল কালভার্টের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি ইরাকি আর্মি চিফ অব স্টাফ জেনারেল আব্দুল আমির ইয়ারাল্লাহর সঙ্গেও সাক্ষাৎ করেন।

এনটিভি অনলাইন ডেস্ক