চীনে করোনায় মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ১১৩
চীনে করোনাভাইরাসের মহামারিতে আরো ৯৭ জন মারা যাওয়ার পর মৃতের সংখ্যা আজ বুধবার বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১১৩ জন। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন এ তথ্য জানিয়েছে।
একদিনে মৃতের সংখ্যার হিসাবে আজ বুধবারের নিহতের সংখ্যা কমেছে। গতকাল মঙ্গলবার এই সংখ্যা ছিল ১০৮ জন। চীনজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৪ হাজার ৬০০ জন ছাড়িয়েছে। সংবাদ সংস্থা বাসস এ খবর জানিয়েছে।
এদিকে আজ বুধবার নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত দুই হাজার জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে এক হাজার ৬৩৮ জন শনাক্ত হয়েছেন ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হুবেই প্রদেশে। এই প্রদেশের উহান শহর থেকে থেকেই গত বছরের ডিসেম্বরে ভাইরাসটি ছড়িয়ে পড়ে।
চীনে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব আগামী এপ্রিল নাগাদ শেষ হতে পারে বলে গতকাল মঙ্গলবার জানিয়েছেন দেশটির জ্যেষ্ঠ স্বাস্থ্য উপদেষ্টা। এরই মধ্যে করোনাভাইরাসে প্রাণহানি হয়েছে সহস্রাধিক মানুষের। এমন পরিস্থিতিতে এই ভাইরাসকে সন্ত্রাসবাদের চেয়ে বাজে ধরনের বৈশ্বিক হুমকি বলে সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
মরণঘাতী ভাইরাসটির প্রতিষেধক আসতে আরো দেড় বছর লাগবে উল্লেখ করে ডব্লিউএইচওর প্রধান টেড্রস আধানম গ্যাব্রিয়েসুস গতকাল এক সংবাদ সম্মেলনে বলেছেন, বিশ্বকে অবশ্যই ‘সজাগ হতে হবে এবং এই শত্রু ভাইরাসকে জনমানবের এক নম্বর শত্রু বিবেচনা করতে হবে’। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
এদিকে, করোনাভাইরাসজনিত রোগের আনুষ্ঠানিক বৈজ্ঞানিক নাম ঘোষণা করেছে ডব্লিউএইচও। জেনেভায় ডব্লিউএইচওর প্রধান সাংবাদিকদের বলেন, ‘আমরা এই রোগের নাম পেয়েছি, আর তা হচ্ছে সিওভিআইডি-১৯ বা কোভিড-নাইনটিন।’ এ ছাড়া ১৮ মাসের মধ্যে এই রোগের প্রতিষেধক আবিষ্কারের আশ্বাসও দিয়েছেন তিনি। বলেছেন, চীন ছাড়াও বিশ্বের অন্য দেশগুলোর জন্য করোনাভাইরাস গুরুতর হুমকি।

অনলাইন ডেস্ক