নিউইয়র্কে প্রতিবাদ সমাবেশে গাড়ির ধাক্কায় কয়েকজন আহত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটন এলাকায় একটি প্রতিবাদ সমাবেশে চলন্ত গাড়ির ধাক্কায় বেশ কয়েকজন আহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে। ওই বিএমডব্লিউ সিডান গাড়িটির চালকের আসনে ছিলেন একজন নারী। আইন প্রয়োগকারী সংস্থা জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করেছে।
নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগ জানিয়েছে, বিকেল ৪টার ঠিক পরই মিডটাউন ম্যানহাটন সংলগ্ন মারি হিল আবাসিক এলাকার থার্টি নাইনথ স্ট্রিট ও থার্ড অ্যাভিনিউর মোড়ে ঘটনাটি ঘটে। আহতদের কারও আঘাতই খুব গুরুতর নয়। তবে তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষের কাছ থেকে আর বিস্তারিত কিছু জানা যায়নি।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গাড়িটি ছয়জনকে ধাক্কা দিয়েছে। কিন্তু কয়জনকে হাসপাতালে নেওয়া হয়েছে তা পরিষ্কার হয়নি। খবর রয়টার্সের।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা কিছু ভাষ্য মতে, ভিড়ের মধ্যে গাড়িটি ঢুকে পড়ার আগে সেটি থেমে ছিল এবং প্রতিবাদকারীরা সেটি ঘিরে ছিলেন। সেখানে বিশৃঙ্খলা দেখা দেওয়ার পর গাড়িটি হঠাৎ এগিয়ে ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। এতে কিছু লোক ও বাইসাইকেল ওই গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে। তবে এসব ভাষ্য তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে রয়টার্স।

এনটিভি অনলাইন ডেস্ক