ভাইরাসের শহরে হাসপাতালে শয্যার ‘মারাত্মক সংকট’
চীনের বিভিন্ন কর্তৃপক্ষ সতর্ক করে দিয়ে বলেছে, তারা করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেড়ে যাওয়ায় হাসপাতালে শয্যাসংখ্যা এবং চিকিৎসা উপকরণের মারাত্মক সংকটের মুখে পড়েছে। এদিকে আজ বৃহস্পতিবার নতুন এই করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৫৬৩ জনে দাঁড়িয়েছে। ভাইরাসের উৎপত্তিস্থলের দূরবর্তী অনেক নগরী তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে সংবাদ সংস্থা বাসস এ খবর জানিয়েছে।
চীনে ছড়িয়ে পড়া এ ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ২৮ হাজার ছাড়িয়ে গেছে। এ ছাড়া বিশ্বের ২০টির বেশি দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় বৈশ্বিক স্বাস্থ্যঝুঁকিও অনেক বেড়ে গেছে। করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মধ্যে এক নবজাতক রয়েছে। ভূমিষ্ঠ হওয়ার ৩০ ঘণ্টার মধ্যেই শিশুটির শরীরে এই ভাইরাস ধরা পড়ে।
উহান শহরের কর্মকর্তা হু লিসান জানান, অতিরিক্ত হাজার হাজার রোগীর চাপ থাকায় সেখানে হাসপাতালের মারাত্মক সংকট দেখা দিয়েছে। তিনি সাংবাদিকদের বলেন, এ নগরীতে করোনাভাইরাস চিকিৎসায় প্রয়োজনীয় যন্ত্রপাতি ও উপকরণেরও সংকট রয়েছে।
এমন পরিস্থিতিতে সরকারি কর্মকর্তারা নগরীর বিভিন্ন হোটেল ও শিক্ষাপ্রতিষ্ঠানে চিকিৎসাকেন্দ্র খোলার কথা বিবেচনা করছে।
এদিকে এ ভাইরাস বিশ্ব স্বাস্থ্যকে চরম ঝুঁকির মুখে ঠেলে দেওয়ায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জরুরি অবস্থা ঘোষণা করার পর বিশ্বব্যাপী উদ্বেগ অনেক বৃদ্ধি পেয়েছে।
ডব্লিউএইচও নতুন এই করোনাভাইরাস মোকাবিলায় ৬৭ কোটি ৫০ লাখ ডলার অর্থ সাহায্য দেওয়ার আহ্বান জানিয়েছে।

অনলাইন ডেস্ক