পোপ যুক্তরাষ্ট্রে, কথা বলতে পারেন আয়বৈষম্য নিয়ে
পোপ ফ্রান্সিসকে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রে স্বাগত জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামা। এ সফরের সময় পোপ ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক ও ফিলাডেলফিয়া অঙ্গরাজ্যের ক্যাথলিকদের সঙ্গে শুভেচ্ছা জানাবেন। তাঁর ভাষণে জলবায়ু পরিবর্তন ও আয়বৈষম্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হতে পারে।
চার দিনের সফর শেষ কিউবা ছেড়ে আসার সময় দেশটির জনগণকে ‘আবেগের বিপ্লব’ ঘটানোর আহ্বান জানান পোপ। তিনি কিউবিয়ানদের উদ্দেশে বলেন, ‘আপনাদের একে অন্যের জন্য কাজ করতে হবে।’
কিউবা থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে আসার সময় এক সংবাদ সম্মেলনে পোপ পুঁজিবাদ নিয়ে তাঁর বক্তব্যের সমালোচনাপূর্ণ কিছু প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, ‘আমি এমন কিছুই বলিনি, যা চার্চের সামাজিক দায়িত্বের বাইরে পড়বে। তবে আমার অভিব্যক্তি কিছুটা সমাজতান্ত্রিক হতে পারে, যেটা আপনারা ভুলভাবে বুঝতে পারেন।’

অনলাইন ডেস্ক