গরু হারানোর বিজ্ঞপ্তি, পেলে ৫০ হাজার রুপি পুরস্কার
বাদশার হারানো বিজ্ঞপ্তিতে ছেয়ে গেছে বেনারসের সারনাথ গ্রাম। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাদশাকে কেউ খুঁজে পেলে সন্ধানদাতাকে ৫০ হাজার রুপি পুরস্কার দেওয়া হবে। এখানে বাদশা হলো তিন বছরের ষাঁড় গরু।
এনডিটিভি জানিয়েছে, বাদশা নামে ষাঁড় গরুটি কয়েক সপ্তাহ ধরে নিখোঁজ। এর মালিক মনোজ কুমার গরু হারানোর ঘটনায় স্থানীয় পুলিশ স্টেশনে অভিযোগ পর্যন্ত করেছেন। এখন প্রিয় পোষা গরুর খোঁজে বিজ্ঞাপন দেওয়ার পাশাপাশি পুরস্কার ঘোষণা করেছেন তিনি।
বিজ্ঞপ্তিতে বাদশা নামে গরুর বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। বাদশার গায়ের রং, আকৃতি ও বাহ্যিক গঠন বর্ণনা করা হয়েছে। সারনাথ গ্রাম এবং আশপাশের এলাকায় লাগানো হয়েছে বাদশার হারানো বিজ্ঞপ্তি।
মনোজ কুমার এনডিটিভিকে বলেন, বাদশা নামে ষাঁড়টি তাঁর পরিবারের একজন সদস্যের মতো। তাঁর বাড়ির সব জায়গায়ই ষাঁড়টির চলাচলের জন্য উন্মুক্ত ছিল। তিনি আরো বলেন, বাদশা শান্ত স্বভাবের এবং পুরো এলাকায় এটি স্বাধীনভাবে চড়ে বেড়াত।

অনলাইন ডেস্ক