অস্ট্রেলিয়ায় বাবা-ছেলের বন্দুক হামলায় নিহত বেড়ে ১৫
অস্ট্রেলিয়ার সিডনি নগরীর সমুদ্র সৈকতে ইহুদিদের একটি উৎসব চলাকালে বন্দুকধারীদের হামলায় এক শিশুসহ ১৫ জন নিহত হয়েছে। স্থানীয় সময় গতকাল রোববার সন্ধ্যায় চালানো এই হামলাতে অংশ নেয় এক বাবা ও তার ছেলে। আজ সোমবার (১৫ ডিসেম্বর) অস্ট্রেলিয়ার সরকারি কর্তৃপক্ষ ‘হানুকা’ উৎসবের এই হামলাকে ‘ইহুদিবিদ্বেষী সন্ত্রাসী তৎপরতা’ হিসেবে অভিহিত করেছে। খবর বার্তা সংস্থা এএফপির।
অস্ট্রেলিয়ায় ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় এই সন্ত্রাসী কর্মকাণ্ডে মারা গেছে মোট ১৫ জন যাদের মধ্যে ১০ বছর বয়সী একটি শিশুও রয়েছে। এছাড়া, গুলির আঘাতে আহত হয়ে হাসপাতালে আছে আরও ৪২ জন।
আরও পড়ুন : ডানপন্থি কাস্ত চিলির নতুন প্রেসিডেন্ট
অস্ট্রেলিয়ার পুলিশ এখানো জানতে পারেনি ঠিক কোন কারণে এই গোলাগুলির ঘটনা ঘটলো, তবে তারা ধারণা করছে দেশটিতে বসবাসরত ইহুদি সম্প্রদায়ের লোকজনকে ভয় দেখানোর জন্যই এই হামলা চালানো হয়েছে।
বন্ডি সৈকত নামে পরিচিত ওই এলাকায় আজ সোমবার নিহতদের স্মৃতির প্রতি ফুলেল শ্রদ্ধা জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ বলেন, ‘গতকাল আমরা যা দেখেছি তা সত্যিকার অশুভ কাজ, এটা এক ধরনের ইহুদিবিদ্বেষ, এক ধরনের সন্ত্রাসী কাজ।’
ইহুদিদের ওই উৎসবে প্রায় হাজার খানেক লোক বন্ডি সৈকতে জড়ো হয়েছিল। বন্দুকধারীরা এ সময় হাঁটার রাস্তা থেকে তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। প্রায় ১০ মিনিট ধরে লম্বা নলের বন্দুক থেকে ক্রমাগত গুলি করা হয়। গুলিবর্ষণ বন্ধ হয় যখন হামলাকারী ৫০ বছর বয়সী বাবা পুলিশের গুলিতে নিহত হন। পরে ২৪ বছর বয়সী ছেলেটিকে গ্রেপ্তার করা হয়। সে এখন মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে প্রবেশে দিতে হবে আরও বেশি ব্যক্তিগত তথ্য
এছাড়া, গোলাগুলির কয়েক ঘণ্টা পর পুলিশ বন্ডি সৈকতের কাছে একটি পার্ক করা গাড়ি থেকে হাতে তৈরি একটি বোমাও উদ্ধার করে। ধারণা করা হচ্ছে বাবা ও ছেলে মিলে বোমাটি সেখানে পেতে রেখেছিল।
স্থানীয় গণমাধ্যমের একটি ফুটেজে দেখা যায়, আহমেদ আল-আহমেদ নামের একজন ফল বিক্রেতা বন্দুকধারীদের একজনকে পেছন থেকে জাপটে ধরে ধস্তাধস্তি করছে এবং তার কাছ থেকে বন্দুকটি ছিনিয়ে নিচ্ছে।

এনটিভি অনলাইন ডেস্ক