‘নির্ভয়ে’ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় প্রস্তুত ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট
ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ জানিয়েছেন, তার দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘নির্ভয়ে’ সংলাপে বসতে প্রস্তুত। মার্কিন সামরিক অভিযানের মাধ্যমে নিকোলাস মাদুরোর ক্ষমতাচ্যুতির পর রদ্রিগেজ বর্তমানে দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। শিগগিরই তিনি ওয়াশিংটন সফর করবেন— একজন উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তার এমন মন্তব্যের পর রদ্রিগেজ এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। খবর বার্তা সংস্থা এএফপির।
স্থানীয় সময় বুধবার (২১ জানুয়ারি) কারাকাসে এক ভাষণে রদ্রিগেজ বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ এবং কাজ করার একটি প্রক্রিয়ার মধ্যে রয়েছি। আমাদের মধ্যে বিদ্যমান মতভেদ ও অসুবিধাগুলো মোকাবিলা করতে আমরা বিন্দুমাত্র ভীত নই। আমরা কূটনীতির মাধ্যমেই এই সমস্যাগুলো সমাধান করতে চাই।’
গত ৩ জানুয়ারি মার্কিন সামরিক বাহিনী ঝটিকা অভিযানের মাধ্যমে তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়। বর্তমানে তিনি নিউইয়র্কের একটি আদালতে মাদক পাচার ও সন্ত্রাসবাদের অভিযোগে বিচারের মুখোমুখি। মাদুরোর অনুপস্থিতিতে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট ও ন্যাশনাল অ্যাসেম্বলি ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দেয়।
দেলসি রদ্রিগেজ ঐতিহাসিকভাবে মাদুরোর ঘনিষ্ঠ সহযোগী হলেও দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি যুক্তরাষ্ট্রের প্রতি অপেক্ষাকৃত নমনীয় মনোভাব দেখাচ্ছেন। ইতোমধ্যে তিনি সিআইএ পরিচালক জন র্যাটক্লিফের সঙ্গে কারাকাসে বৈঠক করেছেন। ট্রাম্প প্রশাসনও ইঙ্গিত দিয়েছে, ভেনেজুয়েলার স্থিতিশীলতা বজায় রাখতে এবং তেল সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনায় তারা রদ্রিগেজের সঙ্গে কাজ করতে আগ্রহী।
রদ্রিগেজ তার ভাষণে আরও বলেন, তিনি যদি ওয়াশিংটন সফরে যান, তবে তা হবে ‘সম্মানের সাথে’ এবং ‘দেশের সার্বভৌমত্ব বজায় রেখে’। একই সঙ্গে তিনি দেশের তেল খাতে বিদেশি বিনিয়োগের পথ প্রশস্ত করতে হাইড্রোকার্বন আইন সংশোধনের প্রস্তাবও দিয়েছেন। যা দীর্ঘদিনের মার্কিন অবরোধ শিথিলের পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এনটিভি অনলাইন ডেস্ক