ভারতীয় সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, যা জানা গেল
বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক কোনো তৃতীয় দেশের ওপর নির্ভরশীল নয়, বরং এটি সম্পূর্ণ স্বাধীন ও স্বয়ংক্রিয়। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভারতের লোকসভায় বাংলাদেশ সংক্রান্ত এক প্রশ্নের লিখিত জবাবে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং এ কথা বলেন। খবর এনডিটিভির।
লোকসভায় বাংলাদেশের সঙ্গে ভারতের বর্তমান সম্পর্ক এবং এই পরিস্থিতিতে পাকিস্তান সুযোগ নিচ্ছে কিনা— এমন প্রশ্নের জবাবে কীর্তি বর্ধন সিং বলেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারত ও বাংলাদেশের মধ্যে অত্যন্ত গভীর ঐতিহাসিক, ভৌগোলিক, সাংস্কৃতিক ও ভাষাগত সম্পর্ক বিদ্যমান। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের মূল লক্ষ্য হলো জনকল্যাণমুখী উন্নয়ন। তিনি স্পষ্টভাবে জানান, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অন্য কোনো দেশের প্রভাবমুক্ত এবং স্বাধীন। ভারতের পক্ষ থেকে গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি সমর্থনের কথা ইতোমধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে জানানো হয়েছে।
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ প্রসঙ্গে দেশটির প্রতিমন্ত্রী জানান, ভারত সরকার ধারাবাহিকভাবে বাংলাদেশ সরকারের কাছে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি সর্বোচ্চ পর্যায় থেকে উত্থাপন করে আসছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে এই বিষয়টি তুলেছেন। এছাড়া গত বছরের ১৬ ফেব্রুয়ারি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকেও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। প্রতিমন্ত্রী আশ্বস্ত করেন, যেসব জায়গায় ভারতের জাতীয় স্বার্থ জড়িত, সেগুলোর ওপর নয়াদিল্লি সার্বক্ষণিক নজরদারি রাখছে এবং স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছে।
বাংলাদেশ, পাকিস্তান ও চীনের মধ্যে ক্রমবর্ধমান জোট গঠনের জল্পনা এবং এর ফলে উদ্ভূত অর্থনৈতিক ও নিরাপত্তা হুমকি মোকাবিলা সম্পর্কে জানতে চাওয়া হলে কীর্তি বর্ধন সিং বলেন, ভারতের প্রতিবেশী দেশগুলোর গতিবিধির ওপর সরকার সজাগ দৃষ্টি রাখছে। এর মধ্যে আমাদের নিকটবর্তী প্রতিবেশী দেশগুলির উন্নয়নও অন্তর্ভুক্ত। নিয়মিত কূটনৈতিক আলোচনা, উন্নয়নমূলক কর্মকাণ্ড, ব্যবসা-বাণিজ্য এবং যাতায়াত ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে সম্পর্ক বজায় রাখা হচ্ছে। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, নিজস্ব নিরাপত্তা ও স্বার্থ রক্ষার পাশাপাশি এই অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে ভারত সরকার বদ্ধপরিকর।

এনটিভি অনলাইন ডেস্ক